গান বেঁধো না আমায় নিয়ে...
স্টেডিয়ামের সংস্কার হয়েছে, বাড়ানো হয়েছে গ্যালারি। নতুন সাজে সাজা স্টেডিয়ামের উদ্বোধনী দিনে অ্যানফিল্ডে সমর্থকদের যেন নতুন দিনের গান শোনাল লিভারপুল। লিগের প্রথম ‘হোম’ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টারকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। পরশুর এই ম্যাচের মধ্যেই সমর্থকেরা গান গেয়েছেন ক্লপকে নিয়ে। কিন্তু জার্মান কোচের সেটি পছন্দ হয়নি। ম্যাচ শেষে তাই সরাসরিই সমর্থকদের অনুরোধ করলেন—আমাকে নিয়ে গান নয়!
গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লপকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে লিভারপুল, দিন গুনছে আবারও ইউরোপের সেরাদের কাতারে ফেরার। পরশুর ম্যাচটি সেই স্বপ্নের পালে যেন বাতাস দিয়ে গেছে। পুরো ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে লিভারপুল। রবার্তো ফিরমিনোর জোড়া গোলের সঙ্গে সাদিও মানে ও অ্যাডাম লালানার গোল ৫৫ হাজার দর্শকের নতুন অ্যানফিল্ডে এনে দিয়েছে উৎসবের উপলক্ষ। ম্যাচের শেষ দিকে, জয় যখন নিশ্চিত, স্টেডিয়ামের সবচেয়ে উচ্চকণ্ঠ অংশ ‘দ্য কপে’র দর্শকেরা গান গাইতে শুরু করেন ক্লপকে নিয়ে।
তবে ৪৮ বছর বয়সী জার্মান কোচ সেটি ঠিক মানতে পারছেন না। ম্যাচ শেষে তাই বলেছেন, ‘ব্যাপারটা সুন্দর, তবে জরুরি নয়। বিশেষ কিছু না ঘটার আগে আমি উদ্যাপন করতে চাই না। দলের কাছে এমন পারফরম্যান্সই তো চাই, সমর্থকদের সেটি নিয়মিত দেখাতেও চাই। চাই মৌসুমজুড়ে স্টেডিয়ামে দুর্দান্ত একটা আবহও তৈরি করতে। তবে দয়া করে ম্যাচ জেতার আগে আমার নামে গান গাইবেন না। এটা অনেকটা পেনাল্টিতে গোল হওয়ার আগেই উদ্যাপন করার মতো।’ এএফপি।