গান শুনিয়ে, ক্যাম্প ন্যুর নাম বদলে হরলান্ডদের কেনার টাকা জোগাড় করবে বার্সা

রাকুতেন নয়, আগামী মৌসুম থেকে বার্সেলোনার মূল স্পনসর স্পটিফাইছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের কোনো সমর্থক যদি গান শোনার জন্য বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’-এর গ্রাহক হয়ে থাকেন, তাহলে এখনই নিজের সাবস্ক্রিপশন বাতিল করে দিতে পারেন। গান শোনার জন্য ক্ষণিকের শান্তি চুলোয় তুলে দিয়ে যদি নিজের প্রিয় ক্লাবকে ‘সাহায্য’ করা যায়, ক্ষতি কি?


দুর্বোধ্য লাগতে পারে। সহজ করে বলা যাক। বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার মূল পৃষ্ঠপোষক হয়েছে। আগামী মৌসুম থেকে ‘রাকুতেন’ নয়, বরং পেদ্রি-ফাতিদের ম্যাচ জার্সি ও অনুশীলন জার্সির বুকে দেখা যাবে স্পটিফাইয়ের নাম।

আগামী চার বছর বার্সেলোনার জার্সির পৃষ্ঠপোষক হওয়ার জন্য কাতালান ক্লাবটিকে প্রায় ৩১ কোটি আমেরিকান ডলার দিচ্ছে স্পটিফাই। অর্থাৎ প্রতিবছর স্পটিফাইয়ের কাছ থেকে প্রায় সাড়ে সাত কোটি ডলার করে পাচ্ছে বার্সেলোনা। যে প্রতিষ্ঠান ভবিষ্যতে অর্থ দিয়ে আপনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে সাহায্য করবে, সে প্রতিষ্ঠানের সেবা আপনি কেন নেবেন, তাই না?

আবার আপনি যদি বার্সেলোনার সমর্থক হয়ে থাকেন, তাহলে এখনই স্পটিফাইয়ের গ্রাহক হয়ে গান শোনা শুরু করে দিতে পারেন। সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি ও আপনার মতো লাখো–কোটি সমর্থক যে টাকাটা খরচ করবেন, সেটিই হয়তো আগামী মৌসুমে বার্সেলোনাকে সহায়তা করবে আর্লিং হরলান্ড কিংবা রাফিনিয়াদের কেনার ব্যাপারে! শুধু জার্সির নাম–স্বত্বই কিনছে না বার্সেলোনা, স্পটিফাইয়ের অর্থের বিনিময়ে নিজেদের ঐতিহ্যবাহী স্টেডিয়ামের নামটিও বদলে দিচ্ছে বার্সেলোনা।

বদলে যাচ্ছে ক্যাম্প ন্যু-র নাম
ছবি : ইএসপিএন টুইটার

আগামী মৌসুম থেকে ক্যাম্প ন্যু পরিচিত হবে ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’ নামে। এর আগে দলটি কখনো ক্যাম্প ন্যুর নাম এভাবে বদলায়নি। স্পটিফাইয়ের সঙ্গে নিজেদের চুক্তির বিষয়টিকে সমর্থক ও ক্লাবের মধ্যে নতুন এক সেতুবন্ধন হিসেবেই দেখছে বার্সেলোনা।

সভাপতি হোয়ান লাপোর্তা অন্তত অমনটাই ভাবছেন, ‘স্পটিফাইয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে এমন ঐতিহাসিক এক চুক্তিতে সই করতে পেরে আমরা গর্বিত। এ জুটির মাধ্যমে আমরা আশা করছি, ক্লাব আর সমর্থকদের মধ্যে বন্ধন আরও অটুট হবে। বিনোদন ও ফুটবলের এই অনন্য মেলবন্ধনের মাধ্যমে সমর্থকেরা আরও বেশি করে নিজেদের বার্সা পরিবারের সদস্য হিসেবে ভাবতে পারবেন। বিশ্বের নতুন নতুন শ্রোতা–দর্শকের কাছে বার্সেলোনাকে পৌঁছে দেওয়ার ব্যাপারটি সম্ভব করবে স্পটিফাই।’

বার্সেলোনার নিবন্ধিত ৩০ লাখ সদস্য-সমর্থকের তথ্য স্পটিফাইকে দিয়েছে ক্লাবটি। যে কারণে চুক্তির মূল্য কমেছে একটু। গত পরশু লা লিগা একটি হিসাব দিয়েছিল। আগামী মৌসুমের শুরুতে কোন দল কত অর্থ ব্যয় করতে পারবে, সে হিসাবে লা লিগার একমাত্র দল হিসেবে খরচের সীমা নেতিবাচক ছিল বার্সেলোনার। স্পটিফাইয়ের সঙ্গে চুক্তি সে হিসাবে বার্সেলোনার জন্য বেশ বড়সড় এক সুসংবাদ।