গার্দিওলা ও তাঁর দলের কী হলো?
রয় কিন মহা বিরক্ত হয়েছেন কাল!
ম্যানচেস্টার ডার্বিতে কাল মাত্র দুই হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। ডার্বি ম্যাচে কোথায় আগুনে লড়াই হবে, তা নয়, উল্টো সবাই একে অন্যকে জড়িয়ে সুখ-দুঃখের আলাপ করছেন ম্যাচ শেষে। কিন নিজেও তো ‘ডার্বি মানেই উত্তেজনা’র মন্ত্র মেনে চলেছেন! ইউনাইটেডের সাবেক অধিনায়কের কড়া ট্যাকলেই তো ২০০১ সালে মাঠ ছাড়তে হয়েছিল সিটির আলফ ইঞ্জ হালান্ডের। নামটা পরিচিত লাগতে পারে, এই হালান্ড বরুসিয়া ডর্টমুন্ডের বর্তমান সেনসেশন আর্লিং হরলান্ডের বাবা। কিনের সেই ট্যাকলই শেষ পর্যন্ত আলফি হালান্ডের ক্যারিয়ার শেষ করে দিয়েছিল বলে মনে করেন অনেকে। তো সেই কিনের কাছে এমন ‘বন্ধুত্বপূর্ণ’ ডার্বি ভালো লাগবে কেন? সাবেক ইউনাইটেড তারকার মতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের ঝাঁজ নেই বলেই গতকালকের ম্যাচের এ দশা।
অবশ্য শুধু কিন নন, বহু প্রতিক্ষার ম্যানচেস্টার ডার্বি কাল যেভাবে গোলশূন্য ড্র হয়েছে, এতে হতাশ না হওয়া কাউকে খুঁজে পাওয়া কষ্টসাধ্য। না, খেলোয়াড়দের কোলাকুলি দেখে হতাশ শুধু কিনই হয়েছেন, বাকিরা দুই দলের পারফরম্যান্স নিয়েই মেতেছেন। এত ম্যাড়মেড়ে একটা ম্যানচেস্টার ডার্বি হতে পারে! মর্যাদার লড়াইয়ে কাল দুই দলই যেন নেমেছিল একটি লক্ষ্যে—জয় দরকার নেই, না হারলেই হলো!
এমনই এক ম্যাচ যে প্রশ্ন উঠে গেল, এটা কি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি?
বড় ম্যাচে উলে গুনার সুলশার তাঁর ম্যানচেস্টার ইউনাইটেডকে বরাবরই রক্ষণাত্মক খেলান। কাল তাই ইউনাইটেডের খেলা খুব একটা বিস্ময় জাগায়নি। কিন্তু গার্দিওলারও ওভাবে রক্ষণাত্মক হয়ে পড়াটাই প্রশ্ন তুলে দিচ্ছে, কী হয়েছে গার্দিওলার?
এ মৌসুমে একটু ভিন্ন গার্দিওলা, বা বলা ভালো ভিন্ন সিটির দেখা মিলছে। লিভারপুলের বিপক্ষেও নিজের পরিচিত আক্রমণাত্মক ফুটবল থেকে সরে এসেছিলেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে আক্রমণাত্মক ফুটবলের মন্ত্র জপে চলা গার্দিওলা। মাঝমাঠ নিয়ন্ত্রণ করার জন্য বিখ্যাত গার্দিওলা সেদিন নিয়ন্ত্রণের কথা ভুলে লিভারপুলের আক্রমণ ঠেকানোকে নীতি মেনেছেন। কাল রাতেও যেন সে নীতিটাই পছন্দ হলো তাঁর। এবার অবশ্য আক্রমণ নয়, পাল্টা আক্রমণ ঠেকানোর নীতি।
গত মৌসুমে বারবার ইউনাইটেডের কাছে পাল্টা আক্রমণে হেরেছেন গার্দিওলা। তাঁর দল সুন্দর ফুটবল খেলতে খেলতে আক্রমণে উঠেছে, আর সে সুযোগে নিজের ফরোয়ার্ডদের গতি কাজে লাগিয়ে গোল বের করে নিয়েছেন সুলশার। মৌসুমে ৪ বার মুখোমুখি হয়েছিল দুই দল, তিনবারই হেরেছিল সিটি! এবার তাই কোনো ঝুঁকিই নেননি গার্দিওলা। ম্যাচ শেষে তাই সিটি কোচের কণ্ঠে সন্তুষ্টি, ‘এক পয়েন্ট তো পেয়েছি। জয় পেলে ভালো লাগত কিন্তু এটাও খারাপ না। ভুলে যাবেন না, এটা ওল্ড ট্রাফোর্ড।’
ক্যারিয়ারজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য বিখ্যাত এক লোকের মুখে এমন কথা! যে কোচ শুধুমাত্র আক্রমণাত্মক ফুটবলের নীতি থেকে সরবেন না বলে মহা গুরুত্বপূর্ণ অনেক ম্যাচে ট্যাকটিক্যাল উদ্ভাবন দেখাতে গিয়ে উল্টো ভরাডুবি করে এসেছেন, সে কোচ এবার রক্ষণকেই আশ্রয় মানছেন!
গত মৌসুমে রক্ষণের ভুলে বারবার পয়েন্ট খোয়ানো সিটি এবার ১১ ম্যাচের ৬টিতেই কোনো গোল খায়নি। কিন্তু এতে যে খুব লাভ হয়েছে, তা বলা যাচ্ছে না। ১১ ম্যাচ শেষে মাত্র ১৯ পয়েন্ট তাদের। লিগে নবম অবস্থানে আছে তারা। লিগে মাত্র ১৭ গোল করেছেন স্টারলিং-মাহরেজরা। গত মৌসুমে এ পর্যায়ে এর দ্বিগুণ গোল করেছিল সিটি।
গার্দিওলা অবশ্য এ নিয়ে ভাবছেন না। তাঁর শুধু একটাই চিন্তা ছিল, কাল পাল্টা আক্রমণে গোল হজম করা যাবে না। এ কারণে মাঝমাঠে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে নেমেছিলেন, এমন দলের বিপক্ষে যারা ঘরের মাঠে এবার ছয় ম্যাচের মাত্র একটিতে জিতেছে। ওল্ড ট্রাফোর্ডে লিগে এ মৌসুমে মাত্র ৩ গোল ইউনাইটেডের, যার ২টি এসেছে পেনাল্টি থেকে! নিঃসন্দেহে কাল একটু আক্রমণাত্মক হতেই পারতেন গার্দিওলা।
কিন্তু মাথায় যে গেঁথে নিয়েছেন গোল খাওয়া যাবে না! গার্দিওলা নিজেই বলছেন, ‘আমি জানি আরেকটু দৃঢ়তা দেখানো যেত। কিন্তু এটাও জানা ছিল, যদি ঠিকভাবে না গোছাতে পারি, যদি আক্রমণে যাই, ওরা পাল্টা আক্রমণ করবে। সে ক্ষমতা আছে ইউনাইটেডের, ওরা এত দ্রুত। আরেকটু সুযোগ পেলে ভালো হতো। কিন্তু গাব্রিয়েল, স্টার্লিং ও রিয়াদের পাওয়া সুযোগগুলোও ভালো ছিল। মাঠে দর্শক ছাড়া মনে হয় তীব্রতা নেই খেলায়, কিন্তু আমি সাইডলাইনে ছিলাম এবং আমি দেখেছি, খেলোয়াড়েরা দারুণ কাজ করেছে।’
নিরপেক্ষ দর্শক তো বটেই, এমনকি দুই দলের বেশির ভাগ সমর্থকও হয়তো ভিন্ন কিছুই বলবেন। আক্রমণে অনীহা দেখানো এমন সিটিকে যে গত চার বছরে কেউ দেখেনি!