প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যর্থতার গ্লানি নিয়ে কত কোচই তো বিদায় নেন। অথচ বার্সেলোনার হয়ে চারটি বছর একের পর এক শিরোপা জয়ই হয়তো ‘একঘেয়ে’ হয়ে উঠেছিল গার্দিওলার কাছে। যে কারণে কোচিং থেকেই বিরতি নিয়েছিলেন এক বছরের জন্য! এর পর থেকে গণমাধ্যমে প্রায়ই গুঞ্জন উঠেছে, গার্দিওলা বার্সাতে ফিরছেন। তবে বার্সা সমর্থকদের আশার পালে হাওয়া দিতে পারে এই তথ্যটি, বর্তমান বায়ার্ন কোচ নিজেই কাতালুনিয়ায় ফেরার কথা জানিয়েছেন! স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তোকে বলেছেন, ‘আমার স্ত্রীর চাকরি এখানে (কাতালুনিয়ায়) এবং সম্ভবত আমরা এখানে ফিরব। তবে জানি না সেটা কবে।’ ন্যু ক্যাম্পে তবে কি দেখা মিলবে গার্দিওলার? উত্তরে গার্দিওলা বার্সা সমর্থকদের আশার বেলুন ফুটোই করে দিলেন, ‘সত্যি বলতে আমি আর কখনোই বার্সাকে কোচিং করাব না। জীবনে অনেকগুলো চক্র থাকে, বার্সায় আমার চক্র ফুরিয়ে গেছে।’ ইএসপিএন।