গার্দিওলা খুবই সাধারণ মানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার কোচ হিসেবে পেপ গার্দিওলার অর্জন ছিল ঈর্ষণীয়। তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগসহ কোচ হিসেবে প্রায় চার বছরে বার্সেলোনাকে জিতিয়েছেন ১৪টি শিরোপা। একটি দলের হয়ে প্রথম মেয়াদেই এই সাফল্য তাঁকে পরিণত করে তারকা কোচে, অনেক বড় ক্লাবের কাছেই তিনি হয়ে ওঠেন বহুকাঙ্ক্ষিত এক কোচ।
প্রায় এক বছর স্বেচ্ছানির্বাসন শেষে তিনি যোগ দেন জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখে। বায়ার্নকে এরই মধ্যে দুবার জিতিয়েছেন বুন্দেসলিগা। কিন্তু সাবেক জার্মান মিডফিল্ডার ডিয়েটমার হামানের কাছে এটি মোটেও বড় সাফল্য নয়। বায়ার্নে দুই বছর ধরে হামান যেমনটি দেখছেন গার্দিওলাকে, তাতে তিনি গড়পড়তা মানের কোচ। স্প্যানিশ এই কোচকে তিনি দশের মধ্যে দিচ্ছেন ৫ নম্বর! কোচ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাইলে গার্দিওলার এবার চ্যাম্পিয়নস লিগ অবশ্যই জেতা উচিত বলে মনে করেন সাবেক লিভারপুল ফুটবলার।
গার্দিওলা কোচ হয়ে আসার পর বায়ার্ন দুবার বুন্দেসলিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেই বিদায় নিয়েছে। গত মৌসুমে জার্মান কাপের সেমিফাইনালেও বরুসিয়া ডর্টমুন্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে। গার্দিওলার জায়গায় অন্য কেউ হলেও বায়ার্ন খুব খারাপ করত বলে মনে করেন না হামান। এমন একটা খবর চাউর হয়ে গেছে যে, গত মৌসুমের শেষে ডর্টমুন্ডকে ছেড়ে আসা ইয়ুর্গেন ক্লপ আগামী গ্রীষ্মে বায়ার্নে গার্দিওলার স্থলাভিষিক্ত হচ্ছেন। তবে হামান ভবিষ্যতে ক্লপকে দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগে এবং তাঁর আদর্শ জায়গা লিভারপুল! গোলডটকম।