গার্দিওলা নয়, 'জিদান' হবেন জিদান

মিল একটু কেন, ভালোই আছে। যে ক্লাবে খেলেছিলেন পেপ গার্দিওলা, পরে সেটিরই কোচ হয়েছেন। জিনেদিন জিদানও তাই। আবার বার্সেলোনার মূল দলের দায়িত্ব নেওয়ার আগে গার্দিওলা অনেক দিন কোচিং করিয়েছেন ‘বি’ দলকে। রিয়াল মাদ্রিদের দায়িত্ব পাওয়ার আগে জিদানও ছিলেন ক্লাবটির ‘বি’ দল কাস্তিয়ার কোচ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, বার্সাকে যেমন সাফল্যে ভাসিয়েছেন গার্দিওলা, জিদান কি তেমন সাফল্য এনে দিতে পারবেন রিয়ালকে?
প্রশ্নটা করা হয়েছিল রিয়াল কোচ হিসেবে জিদানের প্রথম সংবাদ সম্মেলনেই। ফরাসি কিংবদন্তি কী বলেছেন শুনুন, ‘গার্দিওলা হচ্ছেন গার্দিওলা। তিনি অসাধারণ কোচ। আমি তার সঙ্গে নিজেকে তুলনা করতে চাই না। অন্য একজন কোচ যা করেছেন আপনি সেটা করতে পারবেন না। আমি জিদানের মতোই করব।’
সেটা কী রকম? রিয়ালের হয়ে ২০০২ চ্যাম্পিয়নস লিগ জেতা জিদান ব্যাখ্যা করেছেন, ‘আমি চেষ্টা করব দলে আমার ছোঁয়া রাখতে এবং সেটি এমন হবে যাতে দলটা আরও আক্রমণাত্মক হয়।’
শেষ পর্যন্ত জিদান কেমন কোচ হবেন, তা অবশ্য সময়ই বলে দেবে। তবে ফ্রান্সের সাবেক কোচ জেরার্ড হুলিয়ার কিন্তু জিদানের মধ্যে একজন সফল কোচের ছায়া দেখছেন এখনই, ‘সে খুব চাপের মধ্যে শুরু করছে। কিন্তু সে যদি এখান থেকে সফল হয়, একটা ট্রফি জেতে বা লিগে দ্বিতীয়ও হতে পারে, আমি নিশ্চিত একটা সময় গিয়ে সে খুব বড় মাপের কোচ হবে।’
রিয়ালের মূল দলের দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা জিদানের হয়নি বলেও সমালোচনা করছেন অনেকে। যেটি উড়িয়ে দিয়েছেন হুলিয়ার, ‘সে সহকারী কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেছে। তারপর “বি” দলের কোচ হয়েছে। ভুলে যাবেন না সে খেলা ছেড়েছে ২০০৬ সালে, আর এখন ২০১৬ চলে। ১০ বছর হয়ে গেছে। খেলা ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সে কোচিংয়ে আসেনি।’
দায়িত্ব নেওয়ার পর এরই মধ্যে শুভকামনা পেয়েছেন বিদায়ী কোচ রাফা বেনিতেজের কাছ থেকে। শুভকামনা জানিয়েছেন রিয়ালকে লা ডেসিমা জেতানো কোচ কার্লো আনচেলত্তিও। অভিনন্দন জানিয়ে জিদানের প্রতি নিজের আস্থা ব্যক্ত করেছেন রিয়ালের এক তারকা সমর্থকও। কে তিনি? স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী রাফাও জিদানকে শুভকামনা জানিয়ে বলেছেন, ‘আমি তাঁকে চিনি। তিনি একজন দারুণ মানুষ, বিনয়ী। আজ তিনি যেখানে এসেছেন, সেখানেই তাঁর থাকার কথা।’ এএফপি।