গার্দিওলা ভালোই জানেন মেসিকে পাওয়া অসম্ভব

আজকের এই লিওনেল মেসির মেসি হয়ে উঠার পেছনে তাঁর ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। আবার এই যে পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এত এত ট্রফি, তাতে তো মেসির অবদানও কম নয়। দুজনের সম্পর্কটা যত না কোচ-খেলোয়াড়ের, তারচেয়ে বেশি বন্ধুত্বের। গার্দিওলা বার্সেলোনা ছেড়ে যাওয়ার পরেও যে সম্পর্ক ঢিলে হয়ে যায়নি একটুও। তাই গার্দিওলা নতুন কোনো ক্লাবে গেলে সেখানে মেসিকে নেবেন কি না, সেই প্রশ্ন তো উঠতেই পারে।
ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে কাল গার্দিওলার আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে সেই প্রশ্নটাই উঠল। ম্যানচেস্টারে ক্লাবের একাডেমি মাঠে মঞ্চে বসে থাকা নতুন কোচকে হঠাৎই সমর্থকদের একজন জিজ্ঞেস করলেন, ‘তো আপনি কি মেসিকে নিয়ে আসছেন সিটিতে?’
হাসলেন গার্দিওলা। যেন তৈরিই ছিলেন প্রশ্নটার জন্য। তারপর ওই সমর্থকের সঙ্গে রসিকতা করলেন, ‘ছেলেটা খারাপ খেলে না! তাই না?’ দর্শকসারিতে থাকা প্রায় সবাই হাসলেন, যে হাসির মানে—এটা আবার বলে দিতে হয় নাকি!
তারপরই গার্দিওলা একটু ‘সিরিয়াস’ হয়ে গিয়ে বললেন, ‘আসলে আনা সম্ভব নয়। আমি দুঃখিত। ও বার্সেলোনাতেই তাঁর ক্যারিয়ার শেষ করবে।’
দর্শকদের মধ্যে আফসোসের ‘উহ’, ‘আহ’ শোনা গেল কিছু।
মেসি প্রসঙ্গে সিটি সমর্থকদের হতাশ করলেও প্রথম পরিচয়েই কিন্তু সিটিজেনদের মন জয় করে নিয়েছেন গার্দিওলা। বায়ার্ন মিউনিখ ছেড়ে এবার তিনি সিটিতে আসছেন—এটা নিশ্চিত হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। সাবেক স্প্যানিশ মিডফিল্ডারও কিন্তু প্রথম দিনে সিটি সমর্থকদের আশার কথাই শুনিয়েছেন, ‘আমি বার্সেলোনায় ও বায়ার্নে নিজেকে প্রমাণ করেছি ৷ এবার ইংল্যান্ডেও কিছু করতে চাই ৷ কিন্তু সেটা আমি একা করতে পারব না৷ খেলোয়াড় থেকে শুরু করে স্টাফ, সবাইকে পাশে চাই ৷ সমর্থকেরা পাশে না থাকলে যেটা এককথায় অসম্ভব ৷ এটা করতে তিন থেকে পাঁচ বছর লেগে যেতে পারে ৷ কিন্তু এই ক্লাবকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়াই আমার লক্ষ্য৷’
সিটির লক্ষ্যো নিশ্চয়ই তা-ই। ইএসপিএন