গার্দিওলা যখন 'সিটিজেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা

ফুটবল কোচ নাকি দুই রকম, একদল বরখাস্ত হচ্ছেন, আরেক দল বরখাস্ত হতে চলেছেন। পেপ গার্দিওলা দেখিয়ে দিচ্ছেন, আরেক ধরনের কোচও আছেন। তাঁরা দুই হাত ভরে সাফল্য পেয়েও এক ক্লাবে খুব বেশি দিন থাকেন না। নতুন চ্যালেঞ্জ না নিলে তাঁদের ভালো লাগে না। নইলে সাফল্যের চূড়ায় উঠে কেউ কি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো ক্লাব ছাড়ে? স্পেন-জার্মানির পর গার্দিওলা এবার যাচ্ছেন ইংল্যান্ডে, নতুন চ্যালেঞ্জের নাম ম্যানচেস্টার সিটি।
প্রশ্ন উঠতেই পারে, ম্যানুয়েল পেলেগ্রিনি তো খারাপ করছিলেন না। সিটি এখনো মৌসুমের সম্ভাব্য চারটি শিরোপা জেতার দৌড়ে ভালোমতোই আছে। ইংলিশ লিগে নিজের প্রথম ১০০ ম্যাচে পেলেগ্রিনির চেয়ে বেশি জয় আছে শুধু হোসে মরিনহোর। সিটি তাহলে গার্দিওলাকে আনল কেন? উত্তরটা স্প্যানিশ কোচের প্রোফাইল ঘাঁটলেই পেয়ে যাবেন।
বার্সা-বায়ার্নের হয়ে যা করেছেন, গার্দিওলা সিটির হয়ে সেটা করতে পারবেন কি না সময়ই বলে দেবে। তবে সিটি শুধু ঘরোয়া সাফল্যের চেয়ে গার্দিওলার কাছ থেকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বই বেশি করে চাইবে। এই লক্ষ্যটা যে গার্দিওলারও সেটি মনে করিয়ে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘পেপ স্পেনে সবকিছুই জিতেছেন, জার্মানিতেও প্রায় সবকিছু। ইংল্যান্ডেও সেটা চাইবে, এটা পরিষ্কার।’ আবার চেলসির ভারপ্রাপ্ত কোচ গাস হিডিঙ্ক ভাবছেন চাইলেই এই লক্ষ্যপূরণ সহজ হবে না গার্দিওলার জন্য, এখন পর্যন্ত তিনি এমন দুটি দল নিয়ে কাজ করেছেন যারা নিজেদের লিগে রাজত্ব করে। কিন্তু ইংল্যান্ডে কাজটা কঠিন। এখানে নির্দিষ্ট কোনো দলের রাজত্ব নেই।
একই সঙ্গে সিটি হয়তো আশা করছে মেসি, রোনালদো, নেইমারের মতো কেউ ইতিহাদে আসবেন। যদিও এ মুহূর্তে সেটা দুরাশাই। ‘বিবিসি’ বা ‘এমএসএনে’র কেউ দল বদলাবেন, এমন গুঞ্জন খুব জোরালো নয়। কিন্তু ডাগ-আউটে গার্দিওলার সঙ্গে অঢেল অর্থের হাতছানিতে হয়তো অভাবনীয় কিছু ঘটতেও পারে। গার্দিওলার অধীনে খেলা থিয়েরি অঁরি যেমন বলেই দিয়েছেন, ‘গার্দিওলা আসার পর কিছু বড় খেলোয়াড়ও আসবে সিটিতে। কারণ তাঁর সেই যোগাযোগ আছে।’
আবার অন্যদিকটাও মনে করিয়ে দিয়েছেন অঁরি, ‘গার্দিওলা বার্সায় আসার পর কয়েকজন খেলোয়াড়কে চলে যেতে হয়েছিল। বায়ার্নে যাওয়ার পরও তাই।’ সিটিতেও কি তেমন কিছু হবে?
অন্তত একজন যে সিটি থেকে চলে যাচ্ছেন, সেটা একরকম নিশ্চিত। বার্সেলোনাতেই যেমন ইয়াইয়া তোরের সঙ্গে গার্দিওলার চাপান-উতোর হয়েছিল একটু, পরে তোরে আসেন সিটিতে। গার্দিওলার সিটিতে আসাটা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই তোরের এজেন্ট বলে দিয়েছেন, ‘আমার মনে হয় ইয়াইয়া ক্লাব ছাড়বেন। পেপ তাকে পছন্দ করে কি করে না সেটা প্রশ্ন নয়। জীবন এ রকমই।’
দেখা যাক, সামনে কী হয়! গোলডটকম।