গার্দিওলা যাচ্ছেন, আনচেলত্তি আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্ন ছেড়ে চলে যাচ্ছেন গার্দিওলা।
বায়ার্ন ছেড়ে চলে যাচ্ছেন গার্দিওলা।

চার বছর ছিলেন বার্সেলোনায়। দুটো চ্যাম্পিয়নস লিগসহ জিতিয়েছেন ১৪টি শিরোপা! এর পর বায়ার্ন মিউনিখ। সেখানেও সাফল্য, দুটো লিগসহ পাঁচটি ট্রফি। তবে তিন মৌসুমেই পেপ গার্দিওলার বায়ার্ন-অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। মৌসুমের মাঝপথেই বিদায় বলে দিলেন এই স্প্যানিশ কোচ। বায়ার্নের নতুন কোচের নামও ঘোষণা করা হয়েছে। আগামী মৌসুম থেকে দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি।
গার্দিওলাকে কিছুতেই ছাড়তে চাইছিল না বায়ার্ন। এমনিতেই বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া কোচ তিনি। সেই বেতনও বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অনেক বেশি। বছরে ২ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাবটিও শেষ পর্যন্ত বাঁধতে পারল না। আজ রাতে গার্দিওলার বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। তবে এর আগেই বায়ার্ন ​চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে জানিয়ে দিলেন গার্দিওলার বিদায়ের আগাম খবরটি।
জার্মান দৈনিক বিল্ডকে রুমেনিগে বলেছেন, ‘গার্দিওলা আমাদের ক্লাবকে যা কিছু দিয়েছেন, এর জন্য অভিবাদন জানাই। আশা করি এই মৌসুমটাও আমরা সাফল্য নিয়েই উদযাপন করব। আমাদের নতুন কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি।’
এসি মিলানের হয়ে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই চ্যাম্পিয়নস লিগ জিতেছেন আনচেলত্তি। রিয়ালকে এক যুগ পর এনে দিয়েছেন দশম ইউরোপ সেরার ট্রফিটিও। রিয়াল থেকে ছাঁটাই হওয়ার পর অবসরজীবনই যাপন করছিলেন। কিন্তু এরই মধ্যে আবার ডাক পড়ল​ চেলসি ও পিএসজিকেও শীর্ষ লিগ জেতানো এই কোচ। গার্দিওলার নতুন ঠিকানা এখনো জানা যায়নি। তবে সেটি ম্যানচেস্টারের দুই ক্লাবের একটি হতে পারে বলে শোনা যাচ্ছে জোর গুঞ্জন। এএফপি, রয়টার্স।