গার্দিওলা যাচ্ছেন, আসছেন আনচেলত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনচেলত্তি, গার্দিওলা
আনচেলত্তি, গার্দিওলা

কার্লো আনচেলত্তির সঙ্গে এর পরের বার যখন দেখা হবে, পেপ গার্দিওলা কী বলবেন? ‘তোমার হলো শুরু, আমার হলো সারা’—কথাটাই কি মনে করিয়ে দেবেন? বায়ার্ন মিউনিখের ডাগ-আউটে যে এই মৌসুম শেষে গার্দিওলার জায়গা নিচ্ছেন আনচেলত্তি। কয়েক দিন থেকে গুঞ্জনটা ভেসে বেড়াচ্ছিল বাতাসে, সেটাই কাল সত্যি প্রমাণিত হলো।
সেই পালাবদলেও কী অদ্ভুত একটা যোগসূত্র! তিন মৌসুম আগে বার্সেলোনা ছাড়ার পরেই গার্দিওলা জানিয়ে দিয়েছিলেন, একটা বছর ডাগ-আউট থেকে দূরে থাকবেন। সাময়িক বিরতি কাটিয়ে দুই বছর আগে ফিরেছিলেন বায়ার্নে। আনচেলত্তিও গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জানিয়ে দিয়েছিলেন, অন্তত এক বছর কোচিংয়ের অন্তহীন চাপ আর নিতে চান না। সেই বিরতিটাও বায়ার্নের মাধ্যমেই ঘুচছে!
বেশ কয়েক দিন থেকেই শোনা যাচ্ছিল, গার্দিওলা বায়ার্ন ছাড়তে পারেন। জানিয়েছিলেন, হ্যানোভারের সঙ্গে ম্যাচের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। কিন্তু নিজে কিছু বলার আগে বায়ার্নই এক বিবৃতিতে নিশ্চিত করে দিল, এই মৌসুম শেষে আর থাকছেন না তিনি। ক্লাবের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে স্প্যানিশ কোচকে কৃতজ্ঞতাই জানালেন, ‘২০১৩ সাল থেকে ক্লাবের জন্য যা করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আশা করি, এই মৌসুমেও তিনি উদ্যাপনের আরও উপলক্ষ এনে দেবেন। আমার মনে হয় ক্লাব ছাড়ছেন বলেই নিজের শেষ লক্ষ্যটা পূরণে এখন আরও বেশি মনোযোগ দেবেন।’
সেই শেষ লক্ষ্যটা যে বায়ার্নে আসার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। গত দুবারই বায়ার্নকে বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে। বাভারিয়ান ক্লাবের হয়ে এর মধ্যেই ৫টি শিরোপা জিতেছেন, বুন্দেসলিগায় তো বায়ার্নের এখন একচ্ছত্র রাজত্ব। কিন্তু বার্সেলোনার হয়ে যে শিরোপা দুবার জিতেছেন, সেই চ্যাম্পিয়নস লিগের আক্ষেপ রেখে নিশ্চয় বায়ার্ন ছাড়তে চাইবেন না গার্দিওলা!
তবে গার্দিওলা না পারলে আনচেলত্তিই সম্ভবত সেই অপ্রাপ্তি ঘোচানোর সবচেয়ে আদর্শ লোক। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে এর মধ্যেই তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তিনবার এই শিরোপা জেতার কৃতিত্ব আছে শুধু লিভারপুলের কোচ বব পেইসলির। রুমেনিগে সেটিই মনে করিয়ে দিলেন, ‘আনচেলত্তি কোচ হিসেবে অনেক সাফল্য পেয়েছেন, তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তিনি খুবই স্থিতধী একজন পেশাদার। খেলোয়াড়দের ভালোমতো সামাল দিতে পারেন, সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। আমরা একসঙ্গে কাজ করার জন্যই অপেক্ষা করছি।’ আনচেলত্তিও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বেশ উচ্ছ্বসিত, ‘বায়ার্নের মতো একটা ক্লাবের কোচ হচ্ছি, এটা আমার জন্য খুবই সম্মানের।’
সেই সম্মান কতটা রাখতে পারেন, সেটা জানার জন্য অবশ্য অপেক্ষার কোনো বিকল্প নেই। এএফপি।