গার্দিওলা যেন 'ফুটবলের চে গুয়েভারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্দিওলার ফুটবল দর্শনের সৌরভ পাচ্ছে ইংল্যান্ড। ছবি: এএফপি
গার্দিওলার ফুটবল দর্শনের সৌরভ পাচ্ছে ইংল্যান্ড। ছবি: এএফপি

আর্জেন্টাইন ফুটবল-পণ্ডিত সিজার লুই মেনোত্তির মতে, ফুটবলের ‘চে গুয়েভারা’ কে জানেন? তিনি আর কেউ নন, ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা

কিংবদন্তিতুল্য কোচ সিজার লুই মেনোত্তি রাজমিস্ত্রির ছেলেকে বলেছেন—‘ফুটবলের চে গুয়েভারা।’ সেই রাজমিস্ত্রির ছেলে নিজেও কোচ। ইংলিশ ফুটবলে তাঁর দ্বিতীয় মৌসুম প্রায় শেষের পথে। কিন্তু ৪৭ বছর বয়সী এ মানুষকে ইংল্যান্ড ঠিক কতটুকু জানে?

স্পেনের খ্যাতিমান ফুটবল সাংবাদিক ও বিশ্লেষক গুইলেম বালাগের মতে, এত দিন ইংল্যান্ডে থেকেও পেপ গার্দিওলা সেখানে ‘প্রহেলিকা’—অর্থাৎ দেশটি তাঁকে এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। ঠিকই ধরেছেন, মেনোত্তির সেই ‘চে গুয়েভারা’ আসলে গার্দিওলা।

ম্যানচেষ্টার সিটির স্প্যানিশ এ কোচকে প্রায় ২০ বছর খুব কাছ থেকে দেখেছেন বালাগ। তাঁর আত্মজীবনী ‘অ্যানাদার ওয়ে অব উইনিং’ বালাগেরই লেখা। মোট কথা, গার্দিওলার জীবনটা স্কাই স্পোর্টস ফুটবল পণ্ডিতের নখদর্পণে। বিবিসিতে লেখা প্রতিবেদনে বালাগ সেই ‘দর্পণ’-এ তাকিয়েই বোঝার চেষ্টা করেছেন, ইংল্যান্ড গার্দিওলাকে পাল্টে দিয়েছে, না এই মানুষটি ঠিক তেমনই আছেন, আগে যেমন ছিলেন।

বার্সেলোনা থেকে ৭০ কিলোমিটার দূরের নীরব-নিশ্চুপ শহর সান্তপেদর। স্থানীয়দের কাছে নানা কারণে পবিত্র ‘মনসেরাত’ পর্বতের (করাত পর্বত) কোলঘেঁষা এ শহরে গার্দিওলার জন্ম। রাজমিস্ত্রি ভ্যালেন্তি গার্দিওলার সংসারে চার ছেলেমেয়ের মধ্যে পেপ তৃতীয়। নিম্নমধ্যবিত্ত সংসারে বিত্ত না থাকলেও পারিবারিক আদর্শ আর মর্যাদা থাকে। গার্দিওলার পরিবারে এসব ছিল।

স্পেনের লেখক ও চিত্র পরিচালক ডেভিড ট্রুয়েবা অন্য যে–কারও চেয়ে গার্দিওলাকে বেশি জানেন। বন্ধুকে নিয়ে ট্রুয়েবার উক্তি, ‘গার্দিওলা যে একজন রাজমিস্ত্রির সন্তান—এই ব্যাপারটা নিয়ে কেউ মাথা ঘামায়নি। পেপের কাছে তার বাবা শুদ্ধতা ও কঠোর পরিশ্রমের উদাহরণ। যে পরিবারে সে বড় হয়েছে, সেখানে পুরোনো মূল্যবোধ ছিল। এমন এক সময়ের মূল্যবোধ যখন তার বাবা-মায়ের সে রকম টাকা-পয়সা কিংবা সম্পদ ছিল না।’

ট্রুয়েবার ভাষ্য, ‘গার্দিওলাকে বিচার করতে গেলে তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে, তাঁর অভিজাত স্যুট, দামি উলের সোয়েটার ও টাইয়ের ভেতরে সে একজন রাজমিস্ত্রির সন্তান। তাঁর দামি ইতালিয়ান জুতো জোড়ার ভেতরে রয়েছে “এসপাদ্রিল্লেস”-এর (তুলা কিংবা দড়ির সস্তা জুতো) হৃদয়।’

বার্সেলোনার বয়সভিত্তিক ফুটবল ‘খামার’ ‘লা মাসিয়া’ গড়ার বুদ্ধিটা ডাচ্‌ কিংবদন্তি এবং ক্লাবটির সাবেক খেলোয়াড় ও কোচ ইয়োহান ক্রুইফের। ১৯৮৪ থেকে ১৯৯০—এই ছয় বছর ‘লা মাসিয়া’য় কেটেছে গার্দিওলার। তাঁর ভাষায়, ‘আমার জীবনের সেরা কয়েকটা বছর।’ এই ক্রুইফই কিন্তু গার্দিওলার আদর্শ। কোচিংয়ে নামার আগে-পরে বহুবার দেখা হয়েছে গুরু-শিষ্যের।

তবে ক্রুইফ বেঁচে থাকতে প্রতিবছর, বিশেষ করে মৌসুম শেষে অন্তত একবার নিয়ম করে কোস্তা ব্রাভার খ্যাতনামা ‘এল বুল্লি’ রেস্তোরাঁয় দুজন দীর্ঘ সময় ধরে মধ্যাহ্নভোজ করতেন। ভোজনটা আসলে আনুষ্ঠানিকতা কিংবা অজুহাত, আসল ব্যাপার হলো ফুটবল নিয়ে গুরু-শিষ্যের আলোচনা—প্রতিনিয়ত পাল্টে যাওয়া ফুটবলে নিজেদের খেলাটাকে উদ্ভাবনী কৌশল দিয়ে কীভাবে সেরা করে তোলা যায়।

ক্রুইফ ছাড়াও গার্দিওলার ফুটবলদর্শনে আরেকজনের প্রভাব রয়েছে। ‘এল লোকো’! সেই যে ‘পাগল’ কোচ খ্যাত মার্সেলো বিয়েলসা। আর্জেন্টিনার সাবেক এ কোচ সেভাবে সাফল্য না পেলেও গার্দিওলার কাছে যেন প্রবাদ-পুরুষ, ‘সে যেভাবে খেলাটা এবং খেলোয়াড়দের প্রভাবিত করেছে, সে তুলনায় তাঁর জেতা ট্রফির গুরুত্ব কম। আমার কাছে সে বিশ্বের সেরা কোচ।’

শেখার ব্যাপারে গার্দিওলা অনেকটাই ‘স্পঞ্জ’-এর মতো। শুষে নিতে ভালোবাসেন। সেটা যে কারও কাছ থেকে, ইংল্যান্ডের রাগবি দলের কোচ এডি জোনস কিংবা গ্র্যান্ডমাস্টার দাবাড়ু গ্যারি কাসপরভ—গার্দিওলা সবার কথাই শোনেন। কিন্তু অটল থাকেন নিজের ধ্যান-ধারণা ও দর্শনে। অন্যের কাছ থেকে শেখা বিদ্যা কাজে লাগান কৌশল পরিমার্জনায়।

ফুটবল নিয়ে গার্দিওলার কৌশল কিংবা দর্শন অনেকটাই এমন—‘শুধু বলের জন্য একটা দল একতাবদ্ধ হয় এবং খেলাটাও হয় মজার। শুধু বল থাকলেই খেলোয়াড়দের খেলোয়াড় বলে মনে হয়। তাই যত বেশি সম্ভব বলের দখল নাও এবং সব সময় যেন তা দখলে রাখা যায়, তার কৌশল বের করো। তবে বল তোমাকে নিঃশেষ করে দেবে, তাই সুযোগ পেলেই আরেকজনকে (সতীর্থ) দাও। দ্রুত ও সহজ-সরল খেলো, এবং বল হারালে তা যত দ্রুত সম্ভব দখলের চেষ্টা করো। কারণ বল দখলে না থাকাটা কষ্টের।’

গার্দিওলা তাঁর এই দর্শন ও ফুটবলের প্রতি ভালোবাসা দিয়ে মাঠের সমস্যা সমাধানে নতুন পথ খুঁজে থাকেন। আর তাই তাঁর মধ্যে দিয়ে আমরা এমন এক কোচকে দেখছি, যিনি জয়ের নতুন পথ সৃষ্টি করেছেন; হয়তো সেরা পথ নয়, কিন্তু আলাদা।

ফুটবলের প্রতি তাঁর অত্যধিক ভালোবাসার শিকার পরিবার। একবার মেয়ের স্কুলে কনসার্ট। পারফর্ম করবেন তাঁর মেয়ে। এদিকে গার্দিওলা ব্যস্ত বার্সার আগামী ম্যাচের প্রতিপক্ষ গেটাফের ডিভিডি দেখতে, মেয়ের কনসার্টের কথা বেমালুম ভুলে গেছেন!

কোচিং ক্যারিয়ারের শুরুতে গার্দিওলা এভাবেই ম্যাচের প্রস্তুতি নিতেন। প্রতিপক্ষের খেলার ভিডিও দেখে দুর্বলতা বের করতেন। গার্দিওলার কোচিংয়ের জাদু ঠিক এখানেই—প্রতিপক্ষের দুর্বলতা বের করে খেলোয়াড়দের বোঝাতেন, মাঠে কীভাবে তা কাজে লাগাতে হবে।

আর দশজন মানুষের মতো গার্দিওলাও জনপ্রিয় হতে চেয়েছেন। কিন্তু সেটা নিজের ফুটবল-আদর্শ, দর্শন বিকিয়ে নয়। সে রকম হলে যে ক্লাবে খুশি সে ক্লাবেই যোগ দিতে পারতেন। খেলোয়াড়দের আস্থা ও ভালোবাসা অর্জন তাঁর কোচিং ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জ, যা বেশির ভাগ ক্ষেত্রেই উতরে গেছেন।

বেঞ্চে বসে থাকা খেলোয়াড়কে একাদশে না রাখার কারণ ব্যাখ্যা করলেও গার্দিওলা নিজেই জানেন, এই ব্যাখ্যা তাঁকে বোঝানোর জন্য যথেষ্ট নয়। এ ব্যাপারে নিজের ক্যারিয়ার থেকেই গার্দিওলার ভাষ্য, ‘ফুটবলার ছিলাম বলেই তাঁদের ব্যাপারটা বুঝতে পারি। তাই এখন আমার অন্যতম কাজ হলো বেঞ্চে একদল ভালো মানুষকে খুঁজে বের করা। কারণ এটা চ্যাম্পিয়ন দল হতে জরুরি।’

ঠিক এই কাজটি করতে গিয়েই গার্দিওলা খেলোয়াড়দের বুঝিয়ে থাকেন, ফুটবলার হয়ে তাঁরা কী বিলাস-বহুল ও আরামদায়ক জীবন-ই না পেয়েছে! সিটি কোচের দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনার রাস্তায় ভীষণ কষ্টে কাটানো অভিবাসীদের ভিডিও দেখিয়েছিলেন শিষ্যদের। পাবলো জাবালেতা সেই ভিডিও দেখে পারলে কেঁদে দেন। তাঁর সতীর্থদের অনেকেই কেঁদেছে। জাবালেতার উক্তি, সেই ভিডিও দেখানোর পর ‘ফিজিও ও সবাইকে ডেকে গার্দিওলা বলেছিলেন, তোমরা ভাগ্যবান যে যা করতে চেয়েছ তা করতে পারছ। আমাদের ভবন সেরা, অনুশীলন মাঠও সেরা, এমনকি থাকিও সেরা হোটেলে।’

গার্দিওলার জন্মস্থান সান্তপেদর কাতালান ঐতিহ্য-সংস্কৃতির চারণভূমি। মানুষটা তাই মজ্জাগতভাবেই একজন গর্বিত কাতালান। ১৯৯২ সালে ২১ বছর বয়সী গার্দিওলা চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে কাতালান পার্লামেন্টের বারান্দায় দাঁড়িয়ে বলেছিলেন, ‘কাতালোনিয়ার জনগণ, শেষ পর্যন্ত আমরা তাঁকে পেলাম।’ কথাটা আসলে কাতালান নেতা হোসেপ তারাদেল্লাসের একটি উক্তির নকল—৩৮ বছর ফ্রান্সে নির্বাসিত থাকার পর কাতালোনিয়ায় ফিরে পার্লামেন্ট ভবনে দাঁড়িয়ে তারাদেল্লাস বলেছিলেন, ‘কাতালোনিয়ার জনগণ, শেষ পর্যন্ত আমি এলাম।’

সিটির এই কোচ স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে কাতালোনিয়ার স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু এই স্বাধীনতা পেতে উগ্রবাদ তাঁর পথ নয়। এই মৌসুমেই বুকে ‘হলুদ ফিতা’ জড়িয়ে ডাগ আউটে নেমেছিলেন গার্দিওলা। তা নিয়ে কত বিতর্কই না হলো। এই ফিতা কিন্তু কাতালোনিয়ার স্বাধীনতার সমর্থনের জন্য ছিল না, সেটা ছিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক নেতৃবৃন্দদের স্প্যানিশ সরকার কর্তৃক গ্রেপ্তারের প্রতিবাদ।

২০১২ সালে গার্দিওলা বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর শহরটিতে এমন গুজবও চাউর হয়েছিল, ‘তিনি প্রেসিডেন্ট হিসেবে ফিরবেন।’ কিন্তু প্রাণের শহরে এখনো তাঁর ফেরা হয়ে ওঠেনি। কোচিংয়ে ‘ফেরিওয়ালা’ হয়ে যত জায়গায় থেমেছেন, পাল্টেছেন। ক্লাবের সংস্কৃতি থেকে দৃষ্টিভঙ্গি। পাল্টে দেওয়ার এই নেশা যেদিন সাঙ্গ হবে গার্দিওলা সেদিন হয়তো ফিরবেন, তাঁর শেকড়ে।

ম্যানচেস্টারের ক্লাবটি আপাতত তাঁর হাত ধরেই পাল্টে যাচ্ছে। গার্দিওলার এই ‘পাল্টে দেওয়া’ বুঝতে হলে ফিরে দেখতে হয় তাঁর অতীত পথচলায়। বার্সার দায়িত্ব নেওয়ার পর শিষ্যদের নিজের দর্শনটা বুঝিয়ে বলেছিলেন গার্দিওলা। কোচের ক্লাস শেষে প্রশ্ন করেছিলেন ভিক্টর ভালদেজ—‘বস, একটু কথা বলতে পারি?’
গার্দিওলা: ‘আমার দ্বার সব সময়ের জন্য খোলা...।’
ভালদেজ: ‘একটা বিষয় জানা দরকার; যা কিছু বললেন ঠিক আছে, কিন্তু সেটা কাজে লাগবে তখনই যদি সেন্টার-ব্যাকেরা বল রাখতে চায়।’
গার্দিওলা: ‘তাঁরা যেন সেটা চায়, তা আমি নিশ্চিত করব।’

ব্যস, এতটুকুই। আলাপ শেষ। বার্সার সাবেক এই গোলরক্ষকই পরে বলেছিলেন, দলে তরুণ কোচটি যোগ দেওয়ার সময় তাঁর ট্যাকটিক্যাল জ্ঞান ছিল শূন্যের পর্যায়ে। কিন্তু চার বছর পর কোচ চলে যাওয়ার সময় এই বিষয়ে (ট্যাকটিস) তাঁর জ্ঞান পিএইচডি সমতুল্য।

২০১৫-১৬ মৌসুমে সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছিল ম্যানচেস্টারের দুই নগর প্রতিদ্বন্দ্বী। গার্দিওলা পরের মৌসুম থেকে ম্যানচেস্টারের ‘নীল’ অংশ, মানে সিটির দায়িত্ব নেন। খুব সহজ করে বললে, সাফল্য পেতে সিটি শিবিরে ঠিক কী নেই আর কী উদ্বৃত্ত—গার্দিওলা তা বুঝিয়েছেন। এরপর তা পাল্টে শুধু অনুশীলন আর অনুশীলন।

গত বছরের অক্টোবরে স্টোককে সিটি ৭-২ গোলে হারানোর পর গার্দিওলার সঙ্গে দেখা করতে এসেছিলেন দুই কোচ মার্ক হিউজেস ও মার্ক বোয়েন। সিটি কোচের কাছে তাঁদের প্রশ্ন ছিল, সপ্তাহের পর সপ্তাহ ধরে শিষ্যদের জয়ের জন কীভাবে অনুপ্রাণিত করেন? গার্দিওলার জবাব, ‘এটা সহজ যখন আপনার সেরা দুই খেলোয়াড় বাকিদের চেয়ে বেশি পরিশ্রম করে ও বেশি দৌড়ায়। অন্যদের তখন আর কি অজুহাত দেবে।’

গার্দিওলা ‘সেরা দুই খেলোয়াড়’ বলতে বুঝিয়েছিলেন কেভিন ডি ব্রুইন আর ডেভিড সিলভাকে। গোটা কোচিং ক্যারিয়ারজুড়েই গার্দিওলা এ কাজটি নিষ্ঠার সঙ্গে করে গেছেন—যেসব খেলোয়াড় ভেবেছে তাঁদের আর নতুন কিছু শেখার নেই, তাঁদের ধ্যান-ধারনা পাল্টে দাও। শেখার আসলে শেষ নেই।

বায়ার্নের কোচ থাকতেও একই কাজ করেছেন গার্দিওলা। দুনিয়ার সেরা (তখনকার) ফুলব্যাককে পরিণত করেছিলেন অসাধারণ মিডফিল্ডারে। ফিলিপ লাম! জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক গার্দিওলার বেশ কাছের মানুষ। তাঁর ব্যাপারে গার্দিওলা একবার বলেছিলেন, ‘যত খেলোয়াড়কে অনুশীলন করিয়েছি লাম তাঁদের মধ্যে অন্যতম সেরা, সেটা বুদ্ধিমত্তায়ও।’

সিটিতে আসার পর ডি ব্রুইনকে পাল্টেছেন গার্দিওলা। বেলজিয়ামের এই মিডফিল্ডারের সঙ্গে মাঠের বাইরেও ফুটবল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করেন গার্দিওলা। সিটি তার ফল তো মাঝমাঠে হাতেনাতেই পাচ্ছে। রহিম স্টার্লিং একসময় ছিলেন ঠাট্টার পাত্র। কিন্তু গার্দিওলা আসার পর সেই স্টার্লিং জাতীয় দলের একাদশে প্রায় নিয়মিত মুখ। নিকোলাস ওটামেন্ডিও বদলেছেন। হাস্যরসের পাত্র থেকে এখন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ডিফেন্ডার।

তাহলে প্রশ্ন হলো, গার্দিওলা প্রিমিয়ার লিগের সঙ্গে মানিয়ে নিয়েছেন না কি সিটি স্কোয়াড তাঁর সঙ্গে মানিয়ে নিয়েছে?

হিউজেস তাঁকে প্রশ্ন করেছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে বুন্দেসলিগার মূল পার্থক্যটা কোথায়? গার্দিওলা হেসে জবাব দিয়েছিলেন, ‘ইংল্যান্ডে কোনো দলই ভেঙে পড়ে না। সেটা স্কোর যাই হোক না কেন। তাঁরা শেষ পর্যন্ত লড়ে যায়।’

সিটিতে এসে গার্দিওলা আগে তাঁর লড়াকু শিষ্যদের জেনে-বুঝে নিয়েছেন। তাঁর খেলার বৈশিষ্ট্যের সঙ্গে কে ভালো, কে খারাপ—তা বুঝে নেওয়ার পর নিজের দর্শন প্রয়োগ করেছেন শিষ্যদের ওপর। গত এক দশকে এই বিশ্ব অনেক পাল্টে গেলেও গার্দিওলার দর্শন কখনো পাল্টায়নি। তাঁর যুক্তি, ‘যেটা ভেতরে অনুভব করেন না তা করার কী যুক্তি?’

আর তাই প্রিমিয়ার লিগের সঙ্গে গার্দিওলা নিজেকে মানিয়ে নেননি। বরং তাঁর শিষ্যরাই গার্দিওলার দর্শনের সঙ্গে মানিয়ে নিয়েছেন।

গার্দিওলাও যেমন ম্যানচেস্টারের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছেন। কনসার্ট থেকে রেস্তোরাঁ, ম্যানচেস্টারের সবখানেই তাঁর পদচারণা। কখনো পরিবার, কখনো খেলোয়াড়দের সঙ্গে নিয়ে। তবে সময় গড়িয়ে চলার সঙ্গে গার্দিওলার অভ্যাসেও কিছু পরিবর্তন এসেছে। এখন তিনি আগের চেয়ে বেশ নমনীয়।

আগের মতো প্রতিপক্ষ দলের মুখোমুখি হওয়ার আগে তাঁদের তিনটি ম্যাচের ভিডিও দেখেন না। এখন বাছাই করে দেখেন। সেটাও বড় জোর আধঘণ্টা। বার্সায় থাকতে দলীয় আক্রমণে বেশি প্রাধান্য দিয়েছেন। কিন্তু এখন তাঁর হাতে রয়েছে আক্রমণের আরও নানা উপায়। বলের দখল হারানোর পর তা পুনরুদ্ধার করে কীভাবে চকিত আক্রমণে যেতে হয়, গার্দিওলা সেটাও জানেন।

বালাগের মতে, ক্লাব ফুটবল ছাড়ার পর গার্দিওলা হয়তো কোনো দেশের জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন। সেটা হতে পারে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল। আর্জেন্টিনা তো এরই মধ্যে চেষ্টা করেছে, আর ২০১৪ বিশ্বকাপের আগে ব্রাজিল নিয়েও কথা হয়েছে। কী হবে তা সময়ই বলে দেবে। আপাতত এই কৌতূহল জাগানিয়া জটিল মানুষটি ইংল্যান্ডে ছড়িয়ে দিচ্ছেন নিজের ফুটবল দর্শন, যেটা তিনি হৃদয় থেকে বিশ্বাস করেন। আর কে না জানে, বিশ্বাসে মিলায় ‘বস্তু’—মানে শিরোপা!