গার্দিওলা ১: ০ মরিনহো

ম্যাচের আগে স্কাই স্পোর্টসের পণ্ডিত ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল বলছিলেন, ‘মৌসুমের শুরুতেই কোনো ম্যাচকে ঘিরে এমন উত্তেজনা আর কখনো দেখেছি কি না মনে করতে পারছি না!’
মনে না পড়াটাই স্বাভাবিক। একেই ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ, তার ওপর দুই দলের ডাগআউটে সময়ের সেরা কোচদের দুজন হোসে মরিনহো ও পেপ গার্দিওলা। স্পেনে দুই কোচের ‘লড়াই’য়ের পর ইংল্যান্ডে দুজনের প্রথম সাক্ষাৎ। এই ম্যাচ তো রেফারির বাঁশির আগেই জমে ওঠার কথা।
ম্যাচটা জমল রেফারির বাঁশির পরও। পুরো ৯০ মিনিট জুড়ে চলল আক্রমণ-প্রতি আক্রমণের প্রদর্শনী। কয়েক মিনিট ইউনাইটেডের দাপট, তো তারপর কিছুক্ষণ সিটির। তাতে শেষ পর্যন্ত হাসি ধরা থাকল গার্দিওলার মুখেই। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দ্বৈরথে মরিনহোর ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে দিল তাঁর সিটি।
প্রথমার্ধের বেশির ভাগ সময়ই ছিল সিটির দাপট। মাঝ মাঠে দখল রেখে একের পর এক আক্রমণ করে গেছেন ফার্নান্দিনহো-ডি ব্রুইনরা। ফল আসে ১৫ মিনিটেই। তিন ম্যাচ নিষিদ্ধ সার্জিও আগুয়েরোর জায়গায় নামা সিটি স্ট্রাইকার ইহিয়ানাচো ফ্লিক করে বল দেন কেভিন ডি ব্রুইনের দিকে। সিটি মিডফিল্ডার বলটি কাটিয়ে নিয়ে ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গিয়ার পাশ দিয়ে পাঠিয়েও দিলেন জালে।
২১ মিনিট পর সিটি পায় দ্বিতীয় গোল। এবার ডি ব্রুইন গোলটির নির্মাতা, গোল করেছেন ইহিয়ানাচো। ইউনাইটেডের দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ে শট নেন ডি ব্রুইন, কিন্তু বেলজিয়ান মিডফিল্ডারের শট ফিরে আসে পোস্টে লেগে। কিন্তু পড়ল কোথায়? ২-৩ গজ সামনে দাঁড়ানো ইহিয়ানাচোর পায়ে। সেখান থেকে বলটাকে জালে জড়িয়ে দিতে কোনো সমস্যাই হয়নি তরুণ নাইজেরিয়ানের।
দুই গোল খেয়েই যেন ম্যাচে ফিরে আসে ইউনাইটেড। তবে এ ম্যাচেই সিটির জার্সিতে অভিষিক্ত গোলকিপার ক্লদিও ব্রাভোর শিশুতোষ ভুলেরও ‘অবদান’ আছে। ৪২ মিনিটে ফ্রি-কিক ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পড়েন দুই দলের খেলোয়াড়দের ভিড়ের মধ্যে। বল লুফে নেওয়া দূরে থাক, কোনোক্রমে হাত ছোঁয়াতে পারলেন। বল গিয়ে পড়ল ইব্রাহিমোভিচের পায়ে। গোল! এর আগ পর্যন্ত ম্যাচে ধুঁকতে থাকা ইউনাইটেড করে ফেলল ২-১!
প্রথমার্ধের যোগ করা সময়েও আবারও ব্রাভোর একই ভুল। আবারও পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন বল ধরতে। কিন্তু সময়ের হিসেবে গোলমাল হয়ে যায়, আগেই বল ধরে ফেললেন ইব্রাহিমোভিচ। কিন্তু এবার ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকারের শটটি ছিল দুর্বল। সিটিকে তাই এবার আর চড়া মূল্য দিতে হলো না।
এই দুটি ভুল এখনই কিছু প্রশ্ন তুলে দিচ্ছে গার্দিওলাকে ঘিরে। ক্লাবে এসেই যে সিটির ‘সাবেক’ গোলকিপার জো হার্টকে দল থেকে তাড়িয়ে দিয়েছেন সাবেক বার্সেলোনা কোচ। কিন্তু অভিষেকের প্রথম ৪৫ মিনিটে ব্রাভোর পারফরম্যান্স যেন আরও বেশি করে যেন হার্টের কথা মনে করিয়ে দিয়েছে সিটিজেনদের।
প্রথমার্ধটি যদি সিটির হয়, দ্বিতীয়ার্ধ ইউনাইটেডের। সিটির বক্সে একের পর এক ক্রস তুলে গেছে মরিনহোর দল। কিন্তু গোলটা আর বের করতে পারল না। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড ৭০ মিনিটে বল জালে জড়িয়ে দিয়েছিলেন, কিন্তু অফসাইড থাকায় হতাশায় পুড়তে হয় মরিনহোকে!
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ শেষে তাঁর সঙ্গে ‘যুদ্ধে’ গার্দিওলাই যে এগিয়ে গেলেন ১-০ তে। সূত্র: স্টার স্পোর্টস ২।