গার্দিওলাকে আপন ভাবেনি বায়ার্ন!
বায়ার্ন মিউনিখের হয়ে তাঁর সাফল্য নিতান্ত কম নয়। দুটি বুন্দেসলিগা জিতিয়েছেন, আরেকটিও প্রায় হাতের মুঠোয়। এনে দিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। এত কিছু করেও বায়ার্ন সমর্থকদের মন পেলেন না পেপ গার্দিওলা!
পরশু বুন্দেসলিগায় ডার্মস্টাটের সঙ্গে খেলছিল বায়ার্ন। গ্যালারিতে একটা ব্যানার ধরা পড়ে আলোকচিত্রীর ক্যামেরায়। সেটিতে লেখা, ‘পেপ কখনো আমাদের ছিলই না।’ কিন্তু দলকে কতগুলো শিরোপা জিতিয়েও গার্দিওলা এমন পর হয়ে গেলেন কেন? কারণটা অবশ্য অনুমিত। গত ডিসেম্বরেই গার্দিওলা ঘোষণা দিয়েছিলেন, এই মৌসুমের শেষে আর বায়ার্নের কোচ থাকছেন না। কিছুদিন আগে নিশ্চিত করেছেন, এই মৌসুমের পরই যোগ দিতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে। এই মুহূর্তে গার্দিওলা বায়ার্নেরই বটে, কিন্তু এক অর্থে তো সিটিরই হয়ে গেছেন। সমর্থকেরা এই ব্যাপারটা নিশ্চয়ই মেনে নিতে পারছেন না।
ডার্মস্টাটের বিপক্ষে ম্যাচটা অবশ্য পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেছে বায়ার্নই। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার। অন্য গোলটি রবার্ট লেভানডফস্কির। বুন্দেসলিগায় এই মৌসুমে নিজেদের মাঠে ১১টি ম্যাচই জিতেছে বায়ার্ন, ৫৯ পয়েন্ট নিয়ে আছে লিগের শীর্ষেও। মিরর।