গার্দিওলাকে কখনোই আপন ভাবেনি বায়ার্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্দিওলা কখনো আমাদের ছিল না-এমন ব্যানার নিয়ে এসেছিলেন বায়ার্ন সমর্থকেরা
গার্দিওলা কখনো আমাদের ছিল না-এমন ব্যানার নিয়ে এসেছিলেন বায়ার্ন সমর্থকেরা

দলকে দুইটি বুন্দেসলিগা শিরোপা এনে দিয়েছেন, আরেকটিও প্রায় হাতের মুঠোয়। এনে দিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ । এত কিছু করেও বায়ার্ন মিউনিখ সমর্থকদের মন পেলেন না পেপ গার্দিওলা!

গতকাল বুন্দেসলিগায় ডার্মস্টাডের সঙ্গে খেলছিল বায়ার্ন। গ্যালারিতে একটা ব্যানার ধরা পড়ে আলোকচিত্রীর ক্যামেরায়। সেটিতে লেখা, ‘পেপ কখনো আমাদের ছিল না।’ কিন্তু দলকে এত কিছু জেতানোর পরও গার্দিওলা এমন পর হয়ে গেলেন কেন ? কারণটা অবশ্য অনুমেয়। গত ডিসেম্বরেই গার্দিওলা ঘোষণা দিয়েছিলেন, এই মৌসুমের শেষে আর বায়ার্নের কোচ থাকছেন না। কিছুদিন আগে নিশ্চিত করলেন, এই মৌসুম শেষেই যোগ দিতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে। এই মুহূর্তে গার্দিওলা বায়ার্নেই বটে, কিন্তু এক অর্থে তো এখন সিটিরই হয়ে গেছেন। সমর্থকেরা এই ব্যাপারটাই মেনে নিতে পারছেন না।

এর মধ্যে কিছুদিন আগে শোনা গেল, গার্দিওলার সঙ্গে বায়ার্ন কর্তাদের সম্পর্কটাও ভালো যাচ্ছে না। বায়ার্ন থেকে গার্দিওলা কয়েকজন খেলোয়াড়কে সিটিতে নিয়ে যেতে পারেন—এমন গুঞ্জনও উঠেছিল তার আগে। এমনকি শোনা গিয়েছিল, মৌসুম শেষের আগেই গার্দিওলাকে চলে যেতে হতে পারে। এই মুহূর্তে অবশ্য সেরকম কোনো লক্ষণ নেই।

বিরতি পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকার পরও কাল শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেছে বায়ার্নই। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার। অন্য গোলটি রবার্ট লেভানডফস্কির। বুন্দেসলিগায় এই মৌসুমে নিজেদের মাঠে ১১টি ম্যাচের সবকটিতেই জিতেছে বায়ার্ন। ৫৯ পয়েন্ট নিয়ে লিগার সবার ওপরেই আছে, দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের চেয়ে এখনই ১১ পয়েন্ট এগিয়ে।