গার্দিওলাকে রেকর্ডের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপ গার্দিওলা যেখানেই হাত দেন সোনা ফলে। ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার আগে দুটি ক্লাবের কোচ ছিলেন। বার্সেলোনাকে তিনটি লা লিগা জিতিয়েছেন, দুটি চ্যাম্পিয়নস লিগ। জার্মানিতে গিয়ে পরে বায়ার্ন মিউনিখকেও এনে দিয়েছেন টানা তিনটি বুন্দেসলিগা। এবার ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটির হয়েও কি তা-ই হবে?
মৌসুমের মাত্র শুরু, এখনই তাই কিছু বলা ঠিক হবে না। তবে এরই মধ্যে সেই আভাস দিতে শুরু করেছে গার্দিওলার দল। সিটির হয়ে প্রথম মৌসুমেই এত দুর্দান্ত শুরু করেছেন গার্দিওলা, যেটি অন্য কোনো ইংলিশ ক্লাবের কোচ করতে পারেননি গত ৫৬ বছরে!
গত ১৩ আগস্ট প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল সিটিকে নিয়ে গার্দিওলার পথচলা। এরপর চ্যাম্পিয়নস লিগ, ফুটবল লিগ কাপ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে টানা ১০টি জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।
ইংলিশ ক্লাবগুলোর ইতিহাসে মৌসুমের শুরুতে সব ধরনের প্রতিযোগিতায় টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা টটেনহামের। ১৯৬০-৬১ মৌসুমের শুরুতেই টানা ১১ ম্যাচ জিতেছিল টটেনহাম, যে মৌসুমটা তারা শেষ করেছিল লিগ ও এফএ কাপের ট্রফি জিতে। এরপর গার্দিওলার আগ পর্যন্ত আর কোনো কোচ মৌসুমের শুরুতে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১০ ম্যাচ জেতাতে পারেননি। ’৭০ ও ’৮০-এর দশকের লিভারপুল কিংবা স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডেরও এ কীর্তি নেই!
কাল চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে জিতলেই টটেনহামের সেই রেকর্ড ছুঁয়ে ফেলবে গার্দিওলার সিটি। কাকতালীয়ভাবে রেকর্ডটা ছাড়িয়ে যাওয়ার ম্যাচটা হতে পারে টটেনহামের বিপক্ষেই ২ অক্টোবর।
প্রিমিয়ার লিগে সিটিই এখন পর্যন্ত একমাত্র দল, যারা কোনো পয়েন্ট হারায়নি। নতুন কোচের অধীনে নতুন মৌসুমের শুরুতে প্রিমিয়ার লিগ যুগে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা এত দিন ছিল কার্লো আনচেলত্তির চেলসির। ২০০৯-১০ মৌসুমে চেলসিকে মৌসুমের শুরুতে লিগে টানা ৬ ম্যাচ জিতিয়েছিলেন আনচেলত্তি। পরশু সোয়ানসিকে ৩-১ গোলে হারিয়ে গার্দিওলার সিটি ভাগ বসিয়েছে সেই রেকর্ডেও। টটেনহামের বিপক্ষে ২ অক্টোবরের ম্যাচে সেটিও ছাড়িয়ে যাওয়ার হাতছানি। গোলডটকম।