গার্দিওলাকে রেখে দেওয়ার 'আরজি' বায়ার্ন ফুটবলারদের

বায়ার্ন ছাড়ছেন পেপ গার্দিওলা—এমন গুঞ্জন ছিল আগে থেকেই। সেটি আবারও জোরাল হয়েছে শনিবার বুন্দেসলিগায় বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের কাছে হারার পর। ব্রিটিশ গণমাধ্যম তো একরকম নিশ্চিত করেই দিয়েছে আসছে মৌসুমে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিচ্ছেন তিনি!
এ নিয়ে মুখ খোলেননি গার্দিওলা। কিন্তু তাঁর বায়ার্ন ছেড়ে যাওয়ার গুঞ্জনে একটু বিভ্রান্ত বায়ার্ন ফুটবলার। তাঁরা চান, পরের মৌসুমটাও গার্দিওলার দলে থাকাটা নিশ্চিত করুক বায়ার্ন। এই আকুতিটা প্রকাশ পেল মারিও গোটশে এবং টমাস মুলারের কণ্ঠে। চলতি মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ হবে গার্দিওলার।
দলের বৃহত্তর স্বার্থেই গার্দিওলাকে বায়ার্নেই ধরে রাখতে চান গোটশে, ‘আমি জানি না তিনি নিজে তাঁর ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন, তবে আমি মনে-প্রাণেই চাই গার্দিওলা বায়ার্নেই থাকুন। আড়াই বছর ধরে আমরা যে সুন্দর ফুটবল খেলছি, তার কৃতিত্ব গার্দিওলারই। তাঁর ফুটবল দর্শন অসাধারণ। যার সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছি আমরা। দলের স্বার্থেই ক্লাব কর্মকর্তাদের উচিত হবে তাঁকে বায়ার্নে রেখে দেওয়া।’
শনিবারের হারের পর কেবল গোটশেই নন, গার্দিওলার প্রতি নিজের দুর্বলতার কথা প্রকাশ করেছেন টমাস মুলারও। ‘তাঁর অধীনে সময়টা আমাদের দারুণ কাটছে। আমরা খুব মজায় আছি। যে ধারায় তিনি আমাদের খেলতে শিখিয়েছেন, সেটা আমরা প্রতিনিয়ত মাঠে প্রয়োগ করার চেষ্টা করি’—গার্দিওলা চলে গেলে তাঁর অভাব গোটা দল অনুভব করবে বলে মনে করেন মুলার।
যাকে নিয়ে এতসব আলোচনা, সেই গার্দিওলা জানিয়েছেন, যেহেতু মৌসুমটা এখনো শেষ হয়নি , তাই এই মৌসুমের সাফল্যটা ছাড়া আপাতত তাঁর মাথাতে আর কিছুই নেই। সূত্র: গোল ডটকম।