গার্দিওলার উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রার এক পিঠে সাফল্য, প্রশংসা আর অভিনন্দন। অন্য পিঠে ব্যর্থতা ও সমালোচনা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে এর আগে পেপ গার্দিওলা শুধু একটা পিঠই দেখেছেন। এবার ম্যানচেস্টার সিটির হয়ে দেখলেন অন্য পিঠটাও। আর তাতে তাঁর নিজেরও উপলব্ধি—বার্সা বা বায়ার্নের মতো ক্লাবের হয়ে এমন একটা মৌসুম কাটালে তাঁকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হতো!

২০০৮ সালে বার্সেলোনার ‘বি’ দল থেকে মূল দলের দায়িত্ব নিয়েছিলেন গার্দিওলা। পরের চার বছরে বার্সেলোনাকে জিতিয়েছেন তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপসহ ১৪টি ট্রফি! এরপর এক বছর বিরতি দিয়ে হলেন বায়ার্নের কোচ। সেখানেও টানা তিনবার বুন্দেসলিগা চ্যাম্পিয়নস। সব মিলিয়ে জার্মান ক্লাবের হয়ে ৭টি শিরোপা।

সেই গার্দিওলাই ম্যানচেস্টার সিটি কোচ হিসেবে এবার কিছুই জিততে পারলেন না। কোচিং ক্যারিয়ারে এই প্রথম ট্রফিশূন্য কোনো মৌসুম। শুধু তা-ই নয়, এর আগে লিগে তাঁর দলের সবচেয়ে বাজে ফল ছিল একবার দ্বিতীয় হওয়া। ওদিকে এবার প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সিটির যা অবস্থা, তাতে সর্বোচ্চ তারা তৃতীয় হতে পারে। এই পারফরম্যান্স বার্সা বা বায়ার্নের মতো ক্লাবে হলে কী পরিণতি হতো, সেটা নিজেই বললেন গার্দিওলা, ‘আমি যখন বার্সেলোনার কোচ হই, আমার এমন কোনো খ্যাতি ছিল না, যা দিয়ে নিজের পক্ষে সাফাই গাইতে পারব। ওটা এমন ক্লাব, যেখানে ছয় মাসের মধ্যে আপনি কিছু না জিতলে আপনাকে বিদায় নিতে হবে। বার্সেলোনা ও বায়ার্নের মতো ক্লাবে আপনাকে বিশাল ব্যবধানে জিততে হবে। না পারলে আপনি কখনো দ্বিতীয় সুযোগ পাবেন না। আমার এই পরিস্থিতি যদি কোনো বড় ক্লাবে হতো, আমি বরখাস্ত হতাম। আমাকে বিদায় নিতে হতো, এতে কোনো সন্দেহ নেই।’

বার্সা বা বায়ার্নের মতো ম্যানচেস্টার সিটি ইউরোপীয় পরাশক্তি নয় বলেই হয়তো দ্বিতীয় সুযোগটা পাচ্ছেন গার্দিওলা। সে জন্য সিটির কাছে কৃতজ্ঞ তিনি, ‘আগে যেসব ক্লাবের কোচ ছিলাম, সেখানে এই অবস্থা হলে আমার আর কথা বলার জন্য এখানে আসা হতো না। কিন্তু এখানে (সিটি) ওরা আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। চেষ্টা করব এই মৌসুমে যেমন করেছি, তার চেয়ে ভালো কিছু করতে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে মানিয়ে নিতে যে কিছুটা সময় লাগছে, সেটাও স্বীকার করেছেন গার্দিওলা। তবে বারবার এই সুযোগ যে পাবেন না, সেটাও তাঁর ভালোই জানা আছে, ‘যদি পরের মৌসুমটাও ভালো না যায়, আমার চুক্তিতে আরও এক বছর থাকবে। ওটাও যদি ভালো না যায়, ওরা তো কোচ বদল করবেই।’ এএফপি।

গার্দিওলার ম্যান সিটি

প্রিমিয়ার লিগ      চতুর্থ*

চ্যাম্পিয়নস লিগ   শেষ ষোলো

এফএ কাপ        সেমিফাইনাল

লিগ কাপ          চতুর্থ রাউন্ড     

*এখনো দুই ম্যাচ বাকি। তবে সর্বোচ্চ তৃতীয় হতে পারে।