গার্দিওলার দল নিয়ে গার্দিওলার চেয়েও বেশি জানেন তিনি
‘আমি যখন অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ ছিলাম, একবার বার্সেলোনার বিপক্ষে খেলা পড়ল। সে ম্যাচে আমরা ৩-০ গোলে হেরেছিলাম (কোপা দেল রে ফাইনাল, ২০১২)। ম্যাচের পর বার্সেলোনা নিয়ে আমি যা যা তথ্য জোগাড় করেছিলাম, সব পেপ গার্দিওলাকে দিয়ে দিলাম। ও সবকিছু দেখে-টেখে বলল, “তুমি বার্সেলোনা সম্পর্কে আমার চেয়েও বেশি জানো!” যদিও শেষমেশ এত তথ্য জোগাড় করে লাভ হয়নি, ওরা তিন গোল দিয়ে জিতেছিল।’
মার্সেলো বিয়েলসার এই অকপট স্বীকারোক্তির মধ্য দিয়ে ফুটে ওঠে, খেলাটা নিয়ে কত গভীরভাবে বিশ্লেষণ করেন তিনি, কত নিগূঢ়ভাবে চিন্তা করেন। অবশ্য এই পর্যায়ে ফুটবল নিয়ে বিয়েলসার পাগলামোর কথা কমবেশি সবারই জানা। ডাকনাম তো আর সাধে ‘এল লোকো (পাগল)’ হয়নি! লোকে পাগল বললেও, যারা খেলাটার সঙ্গে যুক্ত আছেন, তাঁরা বোঝেন গার্দিওলার মূল্য। গার্দিওলা থেকে শুরু করে এখনকার দিয়েগো সিমিওনে, হোর্হে সাম্পাওলি, মরিসিও পচেত্তিনো, মার্সেলো গ্যাশার্দো, জেরার্দো মার্তিনো—সবাই কোনো না কোনোভাবে বিয়েলসার কাছ থেকে শিখেছেন, শিখছেন।
ওপরের গল্পটা আট বছর আগের, যখন কোচ হিসেবে গার্দিওলা বার্সেলোনার হয়ে একের পর এক ট্রফি জিতছেন। বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিখ হয়ে ম্যানচেস্টার সিটিতে আসা গার্দিওলা এখন আরও সফল, আরও বিচক্ষণ, ঋদ্ধ হয়েছেন আরও। হিসেব করে দেখুন, যে বিয়েলসা আট বছর আগের গার্দিওলাকে নিয়ে এত গবেষণা করেছিলেন, সে বিয়েলসা আট বছর পর এখন গার্দিওলার মুখোমুখি হলে কেমন প্রস্তুতি নেবেন?
সেটাই হচ্ছে আজ। আর এই দুই কোচিং মহারথীর লড়াই দু’চোখ ভরে দেখার সুযোগ পাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ভক্তরা। গার্দিওলার ম্যানচেস্টার সিটি আজ খেলতে যাচ্ছে বিয়েলসার লিডস ইউনাইটেডের মাঠে। যে লিডস ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই মোটামুটি তুলকালাম শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচে আরেকটু হলে হারিয়ে দিচ্ছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুলকে। সালাহ-মানেরা বেশ ভালোভাবেই বুঝেছিলেন বিয়েলসার ঝাঁঝ। শেষমেশ লিভারপুল ৪-৩ গোলে জিতলেও লিডস বুঝিয়ে দিয়েছে, আবারও অবনমিত হতে আসেনি তাঁরা। সবার বুকে কাঁপন ধরাতেই এসেছে। পরের দুই ম্যাচে ফুলহাম ও শেফিল্ড ইউনাইটেডকেও হারিয়েছে স্বাচ্ছন্দ্যে। এবার গার্দিওলার পালা। যে কোচকে এত দিন মনে মনে গুরু ভেবে এসেছেন, তাঁর বিপক্ষে লড়তে নেমে কী ভাবছেন কিংবদন্তি এই কোচ?
গার্দিওলার কণ্ঠ থেকে ঝরেছেন প্রশংসাবাণী, ‘বিশ্ব ফুটবলে আমি বোধ হয় তাঁকেই সবচেয়ে বেশি পছন্দ করি। ম্যানেজার হিসেবেও, মানুষ হিসেবেও। তিনি যেভাবে দল পরিচালনা করেন, ওই হিসেবেও বিশ্বের সবচেয়ে নির্ভেজাল কোচ বিয়েলসা। তিনি অনন্য, কেউ তাঁর মতো হতে পারবে না কখনো। এটা অসম্ভব। ওনার সঙ্গে আমার নিয়মিত দেখা হয় না, কিন্তু যখনই দেখা হয়, অনুপ্রাণিত হই বারবার।’
কোচ হিসেবে বিয়েলসার চেয়ে ঢের বেশি জিতেছেন গার্দিওলা। তাতে কী? ট্রফি দিয়ে কী কারওর প্রজ্ঞা মাপা যায়? গার্দিওলা নিজেও সেটা মানেন না, ‘কতগুলো পুরস্কার জিতলেন তার ওপর একজন ম্যানেজারের মূল্য নির্ধারিত হয় না। আমার দলগুলো তাঁর দলগুলোর চেয়ে অনেক বেশি সফল, অনেক কিছু জিতেছে, কিন্তু ফুটবলীয় প্রজ্ঞা বা জ্ঞানের দিক দিয়ে আমি ওনার চেয়ে অনেক অনেক পিছিয়ে। প্রিমিয়ার লিগের জন্য এটা অনেক বড় উপহার যে উনি এখানে কাজ করতে এসেছেন, ওনার দলের খেলা দেখে সবাই আনন্দিত হয়, যেভাবে তারা খেলে, আক্রমণ করে।’
ওদিকে বিয়েলসা যেন বিনয়ের অবতার, ‘আমার মনে হয় না আমি গার্দিওলার মতো একজন কোচের শিক্ষক। এমন না যে এটা আমার চিন্তা, বছরের পর বছর ধরে এটাই প্রমাণিত হয়ে এসেছে যে গার্দিওলার নিজস্ব স্বাধীন কিছু ধ্যানধারণা আছে। ওর দল অনন্য, অনেকে বলে, ও বার্সেলোনায় যে দল বানিয়েছিল তা ইতিহাসের সেরা।’
গুরু-শিষ্যের লড়াই শুরু হবে আজ রাত সাড়ে দশটায়।