গার্দিওলার পক্ষেও যা অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচ হয়েছেন বেশ কিছুদিন হলো। পরশুই প্রথম সিটি সমর্থকদের সুযোগ হলো নতুন কোচের সঙ্গে পরিচিত হওয়ার। কোচ-সমর্থকদের প্রশ্নোত্তর পর্বটিও জমে উঠল দারুণ l রয়টার্স
পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচ হয়েছেন বেশ কিছুদিন হলো। পরশুই প্রথম সিটি সমর্থকদের সুযোগ হলো নতুন কোচের সঙ্গে পরিচিত হওয়ার। কোচ-সমর্থকদের প্রশ্নোত্তর পর্বটিও জমে উঠল দারুণ l রয়টার্স

আট বছরের কোচিং ক্যারিয়ারে ২১টি ট্রফি। এর ১৪টিই বার্সেলোনার হয়ে, চার বছরে। পেপ গার্দিওলার ক্যারিয়ারের এই ১৪টি ট্রফি যতটা তাঁর নিজের, ততটাই কি লিওনেল মেসিরও নয়? সবচেয়ে বড় অবদান তো আর্জেন্টাইন ফরোয়ার্ডেরই। আবার আজকের এই লিওনেল মেসির মেসি হয়ে ওঠার পেছনে গার্দিওলার ভূমিকাই বা কে অস্বীকার করতে পারবে? তাঁর সময়েই তো মেসি ক্রমশ নিজেকে ছাড়িয়ে গেছেন, হয়ে উঠেছেন সর্বকালের সেরাদের একজন। দুজনের সম্পর্কটা যত না কোচ-খেলোয়াড়ের, তার চেয়ে বেশি বন্ধুত্বের। গার্দিওলা বার্সেলোনা ছেড়ে যাওয়ার পরও সেই সম্পর্ক আলগা হয়ে যায়নি একটুও। তাই গার্দিওলা নতুন কোনো ক্লাবে গেলে সেখানে মেসিকে নেবেন কি না, সেই প্রশ্ন তো উঠতেই পারে।
ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে পরশু গার্দিওলার আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে প্রশ্নটা উঠল। ম্যানচেস্টারে ক্লাবের একাডেমি মাঠে মঞ্চে বসে থাকা নতুন কোচকে হঠাৎই সমর্থকদের একজন জিজ্ঞেস করলেন, ‘আপনি কি মেসিকে নিয়ে আসছেন সিটিতে?’
হাসলেন গার্দিওলা। যেন তৈরিই ছিলেন প্রশ্নটার জন্য। তারপর ওই সমর্থকের সঙ্গে রসিকতা করলেন, ‘ছেলেটা খারাপ খেলে না! তাই না?’ দর্শকসারিতে থাকা প্রায় সবাই হাসলেন, যে হাসির মানে-এটা আবার বলে দিতে হয় নাকি!
তারপরই গার্দিওলা একটু ‘সিরিয়াস’ হয়ে গেলেন, ‘আসলে আনা সম্ভব নয়। আমি দুঃখিত। ও বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করবে।’
দর্শকদের মধ্যে আফসোসের ‘উহ্’, ‘আহ্’ শোনা গেল কিছু।
মেসি প্রসঙ্গে সিটি সমর্থকদের হতাশ করলেও প্রথম পরিচয়েই সিটিজেনদের মন জয় করে নিয়েছেন গার্দিওলা। বায়ার্ন মিউনিখ ছেড়ে এবার তিনি সিটিতে আসছেন-এটা নিশ্চিত হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। সাবেক স্প্যানিশ মিডফিল্ডারও প্রথম দিনে সিটি সমর্থকদের আশার কথাই শুনিয়েছেন, ‘আমি বার্সেলোনায় ও বায়ার্নে নিজেকে প্রমাণ করেছি৷ এবার ইংল্যান্ডেও কিছু করতে চাই৷ কিন্তু সেটা আমি একা করতে পারব না৷ খেলোয়াড় থেকে শুরু করে স্টাফ, সবাইকে পাশে চাই৷ সমর্থকেরা পাশে না থাকলে যেটা এক কথায় অসম্ভব৷ এটা করতে তিন থেকে পাঁচ বছর লেগে যেতে পারে৷ কিন্তু এই ক্লাবকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়াই আমার লক্ষ্য৷ ’
এই কথাবার্তার মধ্যেই উঠে এসেছে প্রতিপক্ষ কোচদের সঙ্গে তাঁর দ্বৈরথের প্রসঙ্গ। বিশেষ করে সিটির কোচ হয়ে তাঁর ইংল্যান্ডে আসা এবং হোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পাওয়ায় আরও একবার গার্দিওলা-মরিনহো দ্বৈরথ জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। গার্দিওলা অবশ্য বিষয়টিকে দেখছেন হালকা করেই, ‘ইংল্যান্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফুটবল। মানুষ কোচদের দেখতে আসে না, তারা আসে খেলোয়াড়েরা কত ভালো সেটি দেখতে। আমি এখানে এসেছি খেলোয়াড়দের সাহায্য করতে।’ ইএসপিএন।