গার্দিওলার বার্সাকে ছোঁয়ার অপেক্ষায় জিদানের রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্দিওলার বার্সাকে ছোঁয়ার অপেক্ষায় জিদানের রিয়াল। ছবিঃ মার্কা
গার্দিওলার বার্সাকে ছোঁয়ার অপেক্ষায় জিদানের রিয়াল। ছবিঃ মার্কা

দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। কোচ জিনেদিন জিদানের ছোঁয়ায় যেন বদলে গেছে তাঁর দল, ভুলে গেছে হারতেও। লা লিগায় আজ এসপানিওলের বিপক্ষে জিতলে টানা জয়ের রেকর্ডটাও ছুঁয়ে ফেলবে জিদানের রিয়াল। ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে টানা ১৬ ম্যাচ জিতে এত দিন যে রেকর্ডটা নিজেদের করে রেখেছে বার্সেলোনা।

অবশ্য বার্সেলোনার আগেও রেকর্ডটি রিয়াল মাদ্রিদেরই ছিল। ১৯৬০-৬১ মৌসুমে টানা ১৫ ম্যাচ জিতে যেটি গড়েছিল মিগুয়েল মুনোজের রিয়াল। যে দলে ছিলেন আলফ্রেডো ডি স্টেফানো-ফেরেঙ্ক পুসকাস ও লুইস দেল সোলরা।


এবার জিদানের রিয়ালের জয়যাত্রা শুরু হয়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে লেভান্তেকে হারিয়ে। গত মৌসুমে শেষ ১২টি ম্যাচেই টানা জয় পায় রিয়াল। জিতেছে নতুন মৌসুমের শুরুতেও প্রথম তিনটি ম্যাচে। এবার বার্সেলোনার রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষা। তারপর তো সুযোগ থাকবে ছাড়িয়ে যাওয়ারও।

অবশ্য রিয়াল কোচ জিদানের জন্য দুঃসংবাদ—চোটের কারণে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হতে যাওয়া এ ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। মার্কা।