গার্দিওলার বার্সার চেয়ে এই বার্সা শক্তিশালী, বললেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ ক্লাব বিশ্বকাপে ট্রফি হাতে মেসি। ফাইল ছবি
২০০৯ ক্লাব বিশ্বকাপে ট্রফি হাতে মেসি। ফাইল ছবি

ইতিহাস হাতছানি দিচ্ছে বার্সেলোনাকে। ইতিহাস হাতছানি দিচ্ছে লিওনেল মেসিকেও। প্রথম ক্লাব হিসেবে তৃতীয়বার ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ বার্সার সামনে। মেসির সামনেও সুযোগ তৃতীয়বারের মতো এই ট্রফি জেতার। যার প্রথমটি জিতেছিলেন ২০০৯ সালে। সে এক অবিশ্বাস্য বছর ছিল বার্সার। এক বর্ষপঞ্জিতে ছয়-ছয়টি ট্রফি জিতেছিল বার্সা। যে কীর্তি আর ছুঁতে পারেনি কেউ।

এমনকি ছুঁতে পারবে না এই বার্সাও। স্প্যা​নিশ সুপার কাপটা যে জিততে পারেনি লুইস এনরিকের দল। তাই ক্লাব বিশ্বকাপ জিতলেও এটি হবে এই সালে বার্সার পঞ্চম ট্রফি। তবুও মেসি মনে করেন, ২০০৯ সালের বার্সার চেয়ে এই বার্সার কাছেই আছে বেশি অস্ত্র। এই বার্সায় খেলার ধরনে মৌলিক জায়গায় আগের মতোই আছে। পাসিংই এই বার্সার আসল শক্তি। তবে আগে আক্রমণ শানাতে বার্সা যতগুলো পাস খরচ করত, এখন তার চেয়ে তুলনামূলক অনেক কম পাস দিয়েই আক্রমণ সাজায়। এখন বার্সার আক্রমণের গতিও তাই বেড়েছে।

মেসি বলেছেন, ‘সে সময়ের তুলনায় আমরা এখন কিছুটা বদলেছি। আমরা এখন আগের তুলনায় অনেক বেশি সরাসরি খেলি। অবশ্যই আমরা বলের দখল রেখে খেলার ধরনটা বদলাইনি। ওটাই আমাদের খেলার নির্যাস, সেটাকে আমরা সর্বোচ্চ গুরুত্বও দেই। তবে এখন আমরা এমন কৌশল ঠিক করেছি, অল্প কয়েকটি পাস খেলেই প্রতিপক্ষের গোলমুখে চলে যেতে পারি। আগে যেটা করতে আরও বেশি পাস খেলে খেলে আক্রমণটা সাজাতে হতো।’

মেসি মনে করেন, তাঁর নিজের খেলার ধরনও বেশ বদলে গেছে, ‘সময়ের সঙ্গে সঙ্গে আপনি বেড়ে ওঠেন, মাঠে-মাঠের বাইরে। ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন নিজেকে। আমার খেলার মূল সুরটা ঠিক রেখে বছরের প​র বছর এর সঙ্গে কিছু না কিছু যুক্ত করেছি।’


ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্ট তাঁর খুব প্রিয় জানিয়ে মেসি বলেছেন, ‘এটা আপনাকে সুযোগ করে দেয় দারুণ একটা ট্রফি জিতে বছরটা শেষ করার। আমাদের ক্লাবের ইতিহাসে এই ট্রফিগুলো ভিন্ন মাত্রা যোগ করেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।’

১৭ ডিসেম্বর লুইজ ফেলিপে স্কলারির গুয়াংজুর​ বিপক্ষে সেমিফাইনাল দিয়ে শুরু হবে বার্সার ক্লাব বিশ্বকাপ।


ফিফাডটকমে দেওয়া মেসির পূর্ণ সাক্ষাৎ​কারটি পড়ুন আগা​মীকাল খেলার পাতার ছাপা সংস্করণে