গার্দিওলার ভাগ্য অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শুরুর আগেই ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জল্পনা শোনা গিয়েছিল। যাননি। এখন শোনা যাচ্ছে, সামনের মৌসুমে চেলসিতে দেখা যেতে পারে। পেপ গার্দিওলা কি আদৌ বায়ার্ন মিউনিখে থাকবেন? প্রশ্নের উত্তরে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন। বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে জানাচ্ছেন, সামনের মাসের মধ্যেই গার্দিওলার ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে।
আগামী মাসের মধ্যে বুন্দেসলিগার অর্ধেক শেষ হবে। আর গার্দিওলার সঙ্গে বায়ার্নের চুক্তিটা শেষ হবে জুনে। রুমেনিগে জানাচ্ছেন, সামনের মাসের আগেই একটা সিদ্ধান্তে পৌঁছাবে ক্লাব, ‘মৌসুমের প্রথমার্ধের শেষ ম্যাচের পর আমরা কথা বলব। এটা হবে বড়দিনের একটা চমক, সেটি যেটিই হোক। এরপর আমরা কিছু একটা ঘোষণা করতে পারব।’ গার্দিওলাকেও পরশু সংবাদ সম্মেলনে প্রশ্নটা করা হয়েছিল। ‘পরের প্রশ্ন’ বলে প্রসঙ্গটা এড়িয়ে গেছেন। গোলডটকম।
এখন পর্যন্ত বায়ার্নে অনেক কিছু জিতলেও এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি। গত দুবারই সেমিফাইনালে গিয়েই বাদ পড়তে হয়েছে। আলিয়াঞ্জ অ্যারেনা ছেড়ে যদি চলেই যান, তার আগে নিশ্চয়ই শিরোপাটা জিতেই যেতে চাইবেন।