গার্দিওলার রেকর্ড ভাঙতে পারবে ভালভার্দের বার্সেলোনা?

• লিগে টানা ৩০ ম্যাচ অপরাজিত বার্সেলোনা।
• আজ রাত ৯ টা ১৫ মিনিটে এইবারের মুখোমুখি বার্সেলোনা।
সবার দৃষ্টি এখন ২০ তারিখে। চেলসির বিপক্ষে সেদিন চ্যাম্পিয়নস লীগের ম্যাচ খেলবে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লীগে দুই দলের অতীত ইতিহাস বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে সে ম্যাচ নিয়ে। তবে আজ সেটা নিয়ে ভাবার উপায় নেই বার্সেলোনার। এইবারের মাঠে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে খেলতে নামছেন মেসি-সুয়ারেজরা।
লা লিগায় নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে কাতালানরা। এমনি জোর করেও এ ম্যাচকে খুব গুরুত্বপূর্ণ বলা যায় না। লিগে সাতে থাকা এইবার কদিন আগে সেভিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পরও না। কারণ এইবারকে পেলেই যে গোলের নেশা পেয়ে বসে মেসিকে। লিগে ছয়বার এইবারকে সামনে পেয়েছেন, তাতে ১২ গোল। এবার লিগের প্রথম পর্বের ম্যাচেও দিয়েছেন ৪ গোল। তাই এ ম্যাচকে অতটা গুরুত্ব না দিলেও চলত বার্সেলোনার।
কিন্তু গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে রেকর্ডের হাতছানি। লিগে এটি বার্সেলোনার ২৪ তম ম্যাচ। এখনো পর্যন্ত অপরাজিত বার্সেলোনা আজ না হারলেই নিজেদের একটি রেকর্ড ছুঁয়ে ফেলবে। গত মৌসুমে লুইস এনরিকের অধীনে লিগের সাত ম্যাচেও অপরাজিত ছিল। ফলে লা লিগায় বার্সেলোনার অপরাজেয় যাত্রা আজ ৩১-এ পৌঁছাবে। আর সঙ্গে সঙ্গে পেপ গার্দিওলার দলের গড়া রেকর্ডও ছুঁয়ে ফেলবেন ভালভার্দে।
২০১০/১১ মৌসুমে লিগের তৃতীয় ম্যাচ থেকে ৩৩ ম্যাচ পর্যন্ত অপরাজিত ছিল বার্সেলোনা। সে রেকর্ড গত সাত মৌসুম ধরাছোঁয়ার বাইরে ছিল। আজ এইবারের বিপক্ষে ইতিবাচক ফল পেলে, রেকর্ড ভাঙার ঘটনাটি ক্যাম্প ন্যুতেই করতে পারবে বার্সেলোনা। লিগে পরের ম্যাচটা নিজেদের মাঠে আরেক কাতালান দল জিরোনার বিপক্ষে খেলবে বার্সা।
গার্দিওলার রেকর্ড গড়া সে দলের চারজনকে আজও দেখা যেতে পারে মাঠে। সে স্কোয়াডের লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে এবং আন্দ্রেস ইনিয়েস্তা যে এবারও দলের অপরাজেয় যাত্রার সঙ্গী।