গার্দিওলার রেকর্ড ভাঙলেন এনরিকে
সেমিফাইনালে প্রথম লেগ ৭-০ ব্যবধানে জিতে গেলে পরের লেগটা বার্সেলোনার মতো দলের জন্য নিয়মরক্ষারই হয়। মেসি, নেইমার, সুয়ারেজসহ মূল একাদশের প্রায় সবাইকেই তাই বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ম্যাচটা হারলেও ক্ষতিবৃদ্ধি কিছু হতো না। তবে বলতে গেলে বার্সেলোনার দ্বিতীয় দলও ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করল ১-১ গোলে। আর তাতেই তারা উঠে গেল কোপা ডেল রের ফাইনালে। এই ড্র ক্লাব ইতিহাসের একটি নতুন পাতাও যোগ করেছে এনরিকের বার্সেলোনা। ভেঙে দিয়েছে পেপ গার্দিওলার বার্সেলোনার ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
এই রেকর্ডের জন্য ম্যাচ শেষে ১৯ বছর বয়সী ক্যামেরুনিয়ান উইঙ্গার উইলফ্রিড কাপতুমকে হয়তো ধন্যবাদ দিয়েছেন এনরিকে। ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া, মনে হচ্ছিল আলভারো নেগ্রেদোর ৩৯ মিনিটের গোলটা স্বাগতিকদের দেবে সান্ত্বনার জয়ের তৃপ্তি। শেষ পর্যন্ত বদলি হিসেবে নেমে গোল করে কাপতুমই ধরে রেখেছেন বার্সার অপরাজেয় যাত্রা। এনরিকে অবশ্য রেকর্ডটাকে খুব বড় করে দেখালেন না, ‘রেকর্ড তো শুধু সংখ্যাই। এই সংখ্যাগুলো আমাদের কয়টা শিরোপা এনে দিতে পারে, সেটাই দেখার বিষয়।’
বার্সেলোনা ভেঙেছে নিজেদেরই রেকর্ড। তবে স্প্যানিশ রেকর্ড কিন্তু এখনো বেশ দূরে। ১৯৮৮-৮৯ মৌসুমে ৩৪ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ।
গত ছয় বছরে পঞ্চমবার কোপা ডেল রের ফাইনালে উঠল বার্সা, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ সেভিয়া। সেল্টা ভিগোকে প্রথম লেগে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে যারা এক পা দিয়েই রেখেছে। কাল রাতেই সেমিফাইনালের দ্বিতীয় লেগটি হয়ে যাওয়ার কথা ছিল। ইএসপিএন।