গার্দিওলার সঙ্গে এ কার লড়াই?

ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নিতে ইংল্যান্ডে আসার সময় পেপ গার্দিওলার মাথায় হয়তো একটি নামই ছিল—হোসে মরিনহো। দুজনের অতীত ইতিহাসের কারণেই ম্যানচেস্টার ইউনাইটেড কোচের সঙ্গে গার্দিওলার লড়াইটা সবচেয়ে বেশি জমবে বলে মনে হচ্ছিল। সেটি কৌশলের যেমন, তেমনি কথারও। কিন্তু মরিনহোর সঙ্গে এখনো সব ঠিকঠাকই চলছে। গার্দিওলার সঙ্গে বরং কথার লড়াই চলছে অন্য একজনের—দিমিত্রি সেলুক।
দিমিত্রি সেলুক! এ আবার কে?
প্রশ্নটা মনে আসাই স্বাভাবিক। ইউক্রেনিয়ান এই ভদ্রলোক কোনো ক্লাবের কিছু নন। গার্দিওলার সঙ্গে তাঁর কথার লড়াই ইয়াইয়া তোরেকে ঘিরে। আইভরিকোস্ট মিডফিল্ডারের এজেন্ট তিনি। শুধু এজেন্ট বললে ভুল হবে, তোরে নাকি সেলুককে ডাকেন ‘পাপুস্কা’ নামে। যার অর্থ ‘বাবার মতো’। ২০১৪ সালেও একবার সেলুকের নাম বেশ আলোচনায় এসেছিল। তোরের জন্মদিনে সিটি ‘বার্থডে কেকে’র আয়োজন না করায় সেলুক এমন হাঙ্গামাই বাধিয়েছিলেন যে, তোরের সিটি ছেড়ে যাওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে সেবার উল্টো আরও বেশি বেতনের নতুন চুক্তি পান তোরে।
এবার কেক-টেক নয়, তোরেকে নিয়মিত না খেলানোতেই গার্দিওলার সমালোচনা করেছেন সেলুক। মৌসুমে এখন পর্যন্ত শুধু স্টুয়া বুখারেস্টের বিপক্ষে একটি ম্যাচই খেলেছেন ৩৩ বছর বয়সী আইভরিয়ান। প্রিমিয়ার লিগে সুযোগ পাচ্ছেন না, চ্যাম্পিয়নস লিগে তো স্কোয়াডেই নেই। এ নিয়েই সেলুকের অভিযোগ, তোরেকে অবহেলা করছেন নতুন কোচ। গার্দিওলা যার জবাবে পরশু জানিয়েছেন, সেলুক তাঁর মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে তোরে আর দলে ফিরতে পারবেন না।
ক্ষমা চাওয়া তো দূরের কথা, সেলুকের লড়াইয়ে ক্ষান্তি দেওয়ারই কোনো লক্ষণ নেই। উল্টো খোঁচা দিয়েছেন গার্দিওলার বার্সেলোনার সাফল্য নিয়ে, ‘বার্সায় তিনি যে দল পেয়েছেন, সেটি তৈরি করে দিয়েছেন ফ্রাঙ্ক রাইকার্ড। তার ওপর লিওনেল মেসিকে পাওয়াও ছিল তাঁর ভাগ্য। মেসিই বার্সাকে এমন বানিয়েছে, পেপ নয়। লুইস এনরিকে দেখিয়েছেন, বার্সার সাফল্য শুধুই গার্দিওলার কারণে হয়নি।’ বায়ার্ন মিউনিখেও স্রেফ দলের শক্তির কারণে গার্দিওলা শিরোপা জিতেছেন জানিয়ে বললেন, ‘আমার পিতামহও তেমন দল নিয়ে লিগ জিততে পারতেন।’
কোচিং-দক্ষতা প্রমাণের জন্য গার্দিওলাকে ‘বন্ধুসুলভ’ পরামর্শ দিয়েছেন সেলুক, ‘যদি পেপ নিজেকে অসাধারণ একজন কোচ হিসেবে প্রমাণ করতে চান, তাহলে তাঁর উচিত হবে সান্ডারল্যান্ড বা জারাগোজায় যাওয়া। তিনি কতটা ভালো, সেটা বোঝা যাবে যদি তিনি কোনো বড় দল, অথবা চাইলেই দলবদলে ৫০ কোটি পাউন্ড খরচ করার সামর্থ্য নেই, এমন দলের দায়িত্ব নেন।’
গার্দিওলার এই পরামর্শ শোনার কোনো সম্ভাবনা নেই। আর সেলুকও কখন যুদ্ধবিরতি দেবেন, কে জানে। মাঝখানে ক্ষতি যা হওয়ার তোরের ক্যারিয়ারেরই হচ্ছে। ডেইলি মেইল।