গার্দিওলার সিটি যেন 'সিম্ফনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটিতে এর চেয়ে ভালো সূচনা চাইতে পারতেন না পেপ গার্দিওলা।
কতটা ভালো, সেটি জানতে হলে ১১৯ বছর পেছনে যেতে হবে। রানি ভিক্টোরিয়ার যুগে, ১৮৯৭ সালে। সেবার মৌসুমের প্রথম সাত ম্যাচেই জিতেছিল সিটি। শতাব্দীপ্রাচীন সেই রেকর্ডটি ভাঙল এবার গার্দিওলার ছোঁয়ায়। মৌসুমের প্রথম আট ম্যাচেই জিতেছে গার্দিওলার দল। লিগে পরশু ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে পাঁচ ম্যাচে শতভাগ জয় তো হলোই, সিটি জিতেছে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দুই লেগ ও গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও।
শুধু জয়? নাহ, একটু কমই বলা হলো। সিটি শুধু জিতছেই না, খেলছে মন ভোলানো ফুটবলও। রয়টার্সের সাংবাদিক ইয়ান শাডবাড যেটিকে বলেছেন ‘সিম্ফনি’। সবুজ মাঠে ফুটবল পায়ে যেন সুরের মূর্ছনা তুলছে গার্দিওলার দল। ছন্দ বেঁধে একসঙ্গে ওঠা-নামা, বল হারিয়ে ফেললে ছক মেনেই প্রতিপক্ষকে ক্রমাগত চাপে রেখে বলের দখল নিয়ে নেওয়া...আর আক্রমণভাগে সৃষ্টিশীলতার ফুল ফোটানো। পরশু বোর্নমাউথের বিপক্ষেও দেখা গেল ডি ব্রুইন-স্টার্লিংদের ভয়াল সুন্দর রূপ। যা দেখে সাবেক ইংলিশ মিডফিল্ডার জার্মেইন জেনাসের উপলব্ধি, ‘গার্দিওলা তাদের যেভাবে খেলাচ্ছেন, এককথায় বিস্ময়কর। এটা অনেকটা ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে খেলতে দেখার মতো।’
ন্যু ক্যাম্পে মেসি ছিলেন, সিটিতেও এরই মধ্যে তেমন একজন পেয়ে গেছেন গার্দিওলা—কেভিন ডি ব্রুইন। লাফানো মানবদেয়ালের নিচ দিয়ে ফ্রি-কিক মেরে পরশু দলের প্রথম গোলটি করেছেন, গোল করিয়েছেন স্টার্লিং ও গুন্ডোয়ানকে দিয়ে। এর বাইরে দলের বেশির ভাগ আক্রমণই প্রাণ পেয়েছে তাঁর পায়ে। ম্যাচ শেষে গার্দিওলা তাই বেলজিয়ান মিডফিল্ডারকে ভাসিয়েছেন প্রশংসায়। অবশ্য শুধু ডি ব্রুইন কেন, গত মৌসুমে দলে আসা রাহিম স্টার্লিংও তো এবার দেখা দিয়েছেন বিধ্বংসী রূপে।
দল টানা জয়ের রেকর্ড গড়েছে, খেলোয়াড়েরাও আছে দুর্দান্ত ফর্মে। সিটিই কি এবার লিগ জেতার জন্য ফেবারিট? ডাগআউটে গার্দিওলা বলে সিটি সমর্থকদের আশার বেলুনও ফুলে উঠেছে। কোচিং ক্যারিয়ারে সাত মৌসুমে ছয়বারই যে লিগ শিরোপা জিতেছেন স্প্যানিশ কোচ। তবে এখনই বেলুনটাকে অত না ফাঁপানোর অনুরোধ গার্দিওলার, ‘মাত্র সেপ্টেম্বর চলছে। এটা কিছুই না। এখনো বলতে গেলে কিছুই খেলিনি আমরা। আমি খুশি, প্রিমিয়ার লিগে পাঁচটি ম্যাচ জিতেছি।’
আনন্দে না ভেসে বরং ধীরস্থির থাকাটাকেই এখন জরুরি মানছেন সিটি কোচ, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে চুপচাপ বসে থাকাই ভালো। খুব বেশি কিছু না-পড়া, বেশি কিছু না-শোনা। জানি, আমরা ভবিষ্যতে কিছু ম্যাচ হারব। গুরুত্বপূর্ণ কিছু ম্যাচেও হয়তো হারব। সেটি যখন হবে, তখন এমন শান্ত থাকাটাই হবে জরুরি। এখনো উন্নতির অনেক কিছু আছে।’
হয়তো সত্যি আছে। সেটিও হয়ে গেলে গার্দিওলার সিটি কী মুগ্ধতাই না ছড়াবে! এএফপি, রয়টার্স।