গার্দিওলার 'হানিমুন' শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথ হারিয়েছে গার্দিওলার সিটি। ছবি: রয়টার্স।
পথ হারিয়েছে গার্দিওলার সিটি। ছবি: রয়টার্স।

মধুচন্দ্রিমার ‘মধু’ একসময় ফুরোয়। চাঁদও ডুবে যায় মেঘের আড়ালে। সে সময়ই কি শুরু হলো পেপ গার্দিওলার? টানা ৬ ম্যাচ জিততে পারেনি তাঁর দল। কাল তো লিগ কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে গেল ম্যানচেস্টার সিটি। এর আগের ম্যাচে বার্সেলোনার কাছে রীতিমতো লজ্জায় ডুবতে হয়েছে। টানা ৬ ম্যাচে জয় পাননি, গার্দিওলার কোচিং ক্যারিয়ারেই এমন সময় আসেনি আর কখনোই!
ইউনাইটেডের হয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের প্রথম ‘অ্যাসিস্টে’ কাল ৫৪ মিনিটে গোল করলেন হুয়ান মাতা। ইউনাইটেডেরও যে সময়টা ভালো কাটছে এমন নয়। লিগে আগের ম্যাচে তো চেলসির কাছে এক হালি গোল হজম করতে হলো। গত ৬ ম্যাচের ৫টিতেই প্রথমার্ধে গোলও করতে পারেনি হোসে মরিনহোর দল। কালও যেমন পারল না। তবে মাতার করা গোলটিই লিগ কাপ থেকে সিটিকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সিটি যে কাল গোলমুখে একটাও শট নিতে পারেনি!
গার্দিওলার দল বলেই বিষয়টি আরও বেশি চোখে বিঁধছে। গার্দিওলার দল মানেই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ। এমনকি বার্সার কাছে ৪ গোল হজম করার ম্যাচেও সিটি একসময় বার্সার চেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছিল। শুধু তা-ই নয়, টের স্টেগেন তিনটি দুর্দান্ত সেভ না করলে ম্যাচের ফল হয়তো অন্য রকমই দেখাত।
অথচ সেই সিটি কাল একটিও গোলে শট নিতে পা​রল না! ২০১২ সালের এপ্রিলের পর এই প্রথম সিটি কোনো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে শট নিতে ব্যর্থ। সেটিও কিনা গার্দিওলার আমলেই! ইউনাইটেড কিংবা মরিনহোর বিপক্ষেও দুর্দান্ত রেকর্ড ছিল গার্দিওলার। ইউনাইটেডের বিপক্ষে আগের ৫ লড়াইয়ের চারটিই জিতেছেন, অন্যটি ড্র। সবচেয়ে বিখ্যাত জয় ২০০৯ রোমের সেই ফাইনাল। যেখানে মেসির জাদুতে কোচ গার্দিওলা জিতেছিলেন তাঁর প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
সেই অজেয় থাকার রেকর্ডটাও হারাতে হলো গার্দিওলাকে। অবশ্য খেলাটা লিগে নয়, টুর্নামেন্টে বলেই হয়তো পারলেন মরিনহো। গার্দিওলার বিপক্ষে তাঁর রেকর্ডটিও সুবিধার নয়। এর আগে গার্দিওলার বিপক্ষে মরিনহোর তিন জয়ের দুটি ছিল স্প্যানিশ কাপ ও চ্যাম্পিয়নস লিগে।
অথচ সিটির হয়েও কী দুর্দান্ত শুরুটা না করলেন। লিগের প্রথম ৬ ম্যাচেই জিতল তাঁর দল। সেই ৬ ম্যাচে প্রতিপক্ষে জালে ১৭ গোল! চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে সব দলকে গুঁড়িয়ে দিলেন। লিগ কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও শুরুটা হলো জয় দিয়ে। গত ২৮ সেপ্টেম্বর সেল্টিকের বিপক্ষে ৩-৩ ড্র দিয়েই পথ হারানোর শুরু। পুরো অক্টোবরে জয়ের দেখাই মিলল না! ৬ ম্যাচের তিনটিতেই হেরেছেন।
কাল ম্যাচ শেষে গার্দিওলা নিজে স্বীকার করলেন, ‘টানা ছয় ম্যাচ জিততে না পারলে সেটাকে ভালো অবস্থা বলার কোনো সুযোগ নেই। অবশ্য একটি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এখনো আমাদের তিনটি ট্রফি জেতার সুযোগ আছে। দেখা যাক, কীভাবে অবস্থাটা বদলানো যায়। খেলোয়াড়েরা যেভাবে খেলছে, তাতে আমি খুশিই। তবে ভবিষ্যতে ফল পাল্টানোর চেষ্টা তো করতেই হবে।’