গার্দিওলার 'সেঞ্চুরি', ওয়েঙ্গারের ভীতি

>
- ঘরের মাঠে সিটির কাছে ৩-০ গোলে হেরেছে আর্সেনাল।
- সিটি কোচ হিসেবে এটা ছিল গার্দিওলার ১০০তম ম্যাচ।
- লিগ শিরোপা জিততে আর পাঁচ জয় চাই সিটির।
আর্সেনালের জন্য ম্যাচটা ছিল নিছক প্রতিশোধের, কিংবা আর্সেন ওয়েঙ্গারের জন্য চাকরি বাঁচানোর চ্যালেঞ্জ। ফরাসি কোচের ২২ বছরের কোচিং ক্যারিয়ারে এত বড় দুঃসময় মনে হয় না আগে এসেছে!
তবে নিজেকে নিংড়ে দিয়েও আর্সেনাল কোচের চাকরি মনে হয় রক্ষা করতে পারবেন না ‘লা প্রফেসর’। গতকাল আর্সেনালের ঘর থেকে ৩-০ গোলের জয় ছিনিয়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এই হারটাই কী ওয়েঙ্গারের বিদায়ঘণ্টা?
তুষারপাতের জন্য ম্যাচ হবে কিনা এ নিয়েই সন্দেহ ছিল। তারপরও ম্যাচটা ঠিকঠাক সময়ে মাঠে গড়ানোর জন্য সাধুবাদ পেতে পারেন এমিরেটসের মাঠকর্মীরা। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে প্রথম অর্ধেই তিন গোল খাওয়ার জন্য গানার ডিফেন্ডারেরা কী পাবেন, লজ্জা?
ম্যাচের ১৫ মিনিটেই বের্নাদো সিলভার গোলে আর্সেনাল রক্ষণের তালা ভেঙে ফেলে সিটি। কয়েক মিনিট পর সিটির জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড সিলভা। ৩৩ মিনিটে লেরয় সানের গোলে ভাগ্য নির্ধারিত হয়ে যায় ম্যাচের। এখান থেকে হারের ব্যবধান কমাতে পারত আর্সেনাল। কিন্তু সময়টাই যেন ওয়েঙ্গারের বিপক্ষে! দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনাল স্ট্রাইকার অবামেয়াংয়ের পেনাল্টি রুখে দেন সিটি গোলরক্ষক এডারসন পেনাল্টি থামিয়ে দেন। সর্বশেষ ১৯ পেনাল্টির মধ্যে এ ব্রাজিলিয়ান ১১টি রুখে দিলেন!
২৮ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। দ্বিতীয় ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে পেপ গার্দিওলার দল। তাঁদের হাতে রয়েছে আর ১০ ম্যাচ। এর মধ্যে ৫ ম্যাচ জিতলেই লিগ শিরোপা জয় নিশ্চিত হবে গার্দিওলার দলের। তার আগে সিটির হয়ে নিজের শততম ম্যাচ জিতে স্প্যানিশ কোচ যেন শিরোপা উৎসবের প্রস্তুতি সারলেন। অন্যদিকে পাঁচ দিনের ব্যবধানে সিটির কাছে এ নিয়ে দুইবার হারল আর্সেনাল।

সিটির দায়িত্ব নিয়ে এই ‘সেঞ্চুরি’ করার পথে ৬৯ ম্যাচ জিতেছেন গার্দিওলা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচের দায়িত্ব থাকাকালীন একই ‘সেঞ্চুরি’ করার পথে সিটির চেয়ে বেশি ম্যাচ জিতেছিলেন গার্দিওলা। বার্সার হয়ে জিতেছিলেন ৭১ ম্যাচ, বায়ার্নের হয়ে ৭৭।
অন্যদিকে আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে জায়গা পাবে কিনা তা নিয়েই সন্দেহ আছে। ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ওয়েঙ্গারের দল। চেলসি তাঁদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে পাঁচে। এ বছর ৭ ম্যাচে হার মানা আর্সেনাল লিগে টানা ১০ ম্যাচে গোল হজম করল, ২০০২ সালের পর আসরটিতে এটাই তাঁদের টানা সর্বোচ্চসংখ্যক ম্যাচে গোল হজমের নজির।
আর্সেনালের এই বাজে ফর্মই বলে দেয় ওয়েঙ্গারের চাকরি এখন হুমকির মুখে। ২০ বছর ধরে গানারদের চ্যাম্পিয়নস লিগে ধরে রাখার গৌরবতিলক গত বছরই খসে পড়েছে ফরাসির কপাল থেকে। এবারও যদি না পারেন, তাহলে ওয়েঙ্গারের ঠিকানা পাল্টানো ঠেকায় কে!