গার্দিওলার 'সেরা' লেভানডফস্কি!

লিওনেল মেসি, থিয়েরি অরি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, ফিলিপ লাম—সমকালীন ফুটবলের অনেক সেরা খেলোয়াড়কেই তো নিজের অধীনে পেয়েছেন পেপ গার্দিওলা। কাকে এগিয়ে রাখেন তিনি? এঁদের কেউ নন, খেলার প্রতি নিবেদনের প্রশ্নে তাঁর চোখে সবার সেরা রবার্ট লেভানডফস্কি!
বায়ার্ন স্ট্রাইকার প্রসঙ্গে গার্দিওলা যা বললেন তাতে ফুটে উঠল ‘আদর্শ ছাত্রে’র বর্ণনা, ‘আমি এখনো পর্যন্ত যত খেলোয়াড় দেখেছি তাদের মধ্যে সবচেয়ে পেশাদার রবার্ট। ২৪ ঘণ্টাই সে খেলা নিয়ে ভাবে, অনুশীলনে তার পুরো মনোযোগ খেলাতেই থাকে, সে সঠিক খাবারটাই খায়, ঘুমোতে যায় এ নিয়ে চিন্তা করতে করতে। সে সব সময় এ বিষয়গুলোতে। সে জানে শরীরকে সেরা অবস্থায় রাখতে তাঁর কী করা উচিত, এ জন্যই সে কখনো চোটে পড়ে না।’
অথচ এই লেভাকে নিয়েই শঙ্কায় ছিলেন গার্দিওলা। বায়ার্নের তারায় ঠাসা দলে এই পোলিশ স্ট্রাইকার মানিয়ে নিতে পারবেন কি না, এ শঙ্কাও নাকি ছিল বায়ার্ন কোচের। কিন্তু কোচের সেই শঙ্কা লেভানডফস্কি উড়িয়ে দিয়েছেন পেশাদারি মনোভাব দিয়ে। এ মৌসুম শেষেই বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিতে যাচ্ছেন গার্দিওলা। অন্যদিকে লেভাও বায়ার্নে থাকবেন কি না, এ নিয়েও চলছে দুই পক্ষের মধ্যে দর-কষাকষি। নিজের ‘প্রিয়’ ছাত্রকে সিটিতে নেওয়ার পরিকল্পনা নেই তো গার্দিওলার? সূত্র: এএফপি