গার্দিওলার 'হলুদ ফিতে' মানলে আইএসকেও মানতে হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ ফুটবল লিগকে রাজনৈতিক মঞ্চ বানাতে পারবেন না গার্দিওলা। এফএ প্রধানের হুঁশিয়ারি। ফাইল ছবি
ইংলিশ ফুটবল লিগকে রাজনৈতিক মঞ্চ বানাতে পারবেন না গার্দিওলা। এফএ প্রধানের হুঁশিয়ারি। ফাইল ছবি

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা জাতীয়তাবাদী একজন মানুষ, রাজনীতিসচেতনও। কিন্তু তাঁর এই সচেতনতা মোটেও পছন্দ করছে না ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান মার্টিন গ্লেন বলেছেন, ‘আমরা যদি গার্দিওলাকে মাঠে রাজনৈতিক চিহ্ন ব্যবহার করতে দিই, তাহলে কেউ যদি নিষিদ্ধ আইএস বা ইউকিপের (ইউনাইটেড কিংডম ইনডিপেনডেন্ট পার্টি) চিহ্ন ব্যবহার করতে চায়, আমরা কি সেটা করতে দিতে পারি?’

ঘটনাটা ঘটে চলেছে বেশ কিছুদিন ধরেই। স্পেন থেকে বেরিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র—কাতালুনিয়া বানাতে চায় কাতালান জাতি। সেটি নিয়ে স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমস্যা চলছে। রাজনৈতিক হানাহানিতে অনেক কাতালান রাজনীতিকই জেলে গেছেন; কাতালান জাতীয়তাবাদী গার্দিওলার দৃষ্টিতে তাঁরা সবাই রাজবন্দী। তো এই ‘রাজবন্দী’দের মুক্তি কামনায় ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির ম্যাচগুলোতে বুকে একটি হলুদ ফিতে লাগিয়ে মাঠে আসেন সাবেক বার্সেলোনা কোচ।

এই ব্যাপারটি কিছুতেই মেনে নিতে রাজি নন এফএর প্রধান। তাঁর মতে, গার্দিওলার এই ব্যাপারটি সাধারণ স্প্যানিশদেরও রাজনৈতিক অনুভূতিতে আঘাত হানছে, ‘সোজাসাপ্টাই বলছি। গার্দিওলা যে হলুদ ফিতে তাঁর শার্টে লাগিয়ে ঘুরছেন, সেটি একটি রাজনৈতিক চিহ্ন। এটা কাতালানদের স্বাধীনতার চিহ্ন। আমি বলতে চাই, এখানে অনেক স্প্যানিশ আছেন, যাঁরা কাতালান নন। যাঁরা এটাতে আঘাত পাচ্ছেন। আমাদের আইন সমানভাবে ব্যবহার করতে হবে। একটা সীমারেখা টানতে হবে। আমরা কি রাজনৈতিক চিহ্ন ব্যবহার করতে দেওয়ার নামে ইউকিপ বা আইএসের চিহ্নও ব্যবহার করতে দিতে পারি?’

ইংলিশ ফুটবলের আইন অনুযায়ী কোনো জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল ফুটবলের জার্সিতে তাদের প্রচারণার উদ্দেশে কোনো চিহ্ন ব্যবহার করতে পারে না।