গার্দিওলায় আস্থা নেই বায়ার্নের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখে দুই মৌসুম হলো পেপ গার্দিওলার। দুবারই বুন্দেসলিগা জিতেছে তাঁর দল। একবার করে জিতেছে জার্মান কাপ, উয়েফা সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ। তবু নাকি গার্দিওলার ওপর আস্থা হারিয়েছে বায়ার্ন! এমন দাবি বায়ার্ন মিউনিখ কিংবদন্তি জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথাউসের।
এই অনাস্থা বায়ার্নের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। বুন্দেসলিগা আগেই নিশ্চিত করে ফেললেও সব ধরনের প্রতিযোগিতায় বায়ার্নের পারফরম্যান্স হতাশ করেছে ক্লাবের সমর্থকদের। জার্মান কাপের সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে টাইব্রেকারে হারের পর চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেসলিগায় টানা আরও তিনটি ম্যাচ হেরেছে বায়ার্ন। এই তিনটি ম্যাচেই প্রতিপক্ষকে কোনো গোল দিতে পারেনি জার্মান চ্যাম্পিয়নরা। ক্লাবটির ২৪ বছরের ইতিহাসে টানা ৪ হারের কোনো রেকর্ড নেই। এমনকি গত ১৫ বছরের ইতিহাসে নেই টানা তিন ম্যাচে গোল না পাওয়ার রেকর্ডও। সব মিলিয়ে বায়ার্নে গার্দিওলার কিছুটা কঠিন সময় যাচ্ছে বলেই মনে করেন ম্যাথাউস, ‘আট মাস আগে দলটার মধ্যে যে স্থিতিশীলতা ছিল সেটা এখন আর নেই। মনে হচ্ছে খেলোয়াড়েরা গার্দিওলার ওপর থেকে কিছুটা আস্থা হারিয়েছে। ও হয়তো সেটা আশা করেনি।’
আর এসব কারণে এখন গুঞ্জন শোনা যাচ্ছে, গার্দিওলা নাকি বায়ার্ন ছাড়তে চাইছেন। গুঞ্জন আরও ডালপালা মেলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি তাঁকে নিতে আগ্রহী এমন খবরে। বায়ার্নের সঙ্গে গার্দিওলার বর্তমান চুক্তির বাকি আছে আরও এক মৌসুম। গার্দিওলাও আপাতত সেই চুক্তি ভঙ্গ করতে চাইছেন না, ‘আমি অন্তত ২ কোটি বার বলেছি যে পরের মৌসুমেও আমি বায়ার্নেই থাকছি।’
তবে তিনি থাকতে চাইলেও বায়ার্ন তাঁকে রাখবে কিনা সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। বিবিসি।