গার্দিওলা-এনরিকের নয়, যুগটা মেসির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালদানো বলছেন, এই যুগটা মেসির। ছবি: এএফপি
ভালদানো বলছেন, এই যুগটা মেসির। ছবি: এএফপি

‘এলাম, দেখলাম, জয় করলাম’—বার্সেলোনায় কোচ পেপ গার্দিওলার সময়টা ছিল এ রকমই। নিজের সময়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন গার্দিওলা, এক পঞ্জিকাবর্ষে জিতেছেন রেকর্ড ছয়টি শিরোপাও। লুইস এনরিকেও হাঁটছেন পূর্বসূরির পথে, গত মৌসুমে এসেই জিতেছেন শিরোপাত্রয়ী। কিন্তু আজ থেকে বিশ বছর পর ফিরে তাকালে এই যুগটা ইতিহাসের পাতায় কার নামে লেখা থাকবে ? এনরিকে বা গার্দিওলা নন, সেটা লিওনেল মেসির নামেই হবে বলে মনে করছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার জর্জ ভালদানো।
গার্দিওলা-এনরিকের বার্সা অধ্যায় সাফল্য ভরাই। এনরিকে হয়তো আরও অনেক কিছুই জিতবেন। কে জানে, একদিন হয়তো গার্দিওলাও ফিরবেন। তবে দুজনের সাফল্যের মূল সূত্রধর তো মেসিই। ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ভালদানো তাই যুগটা মেসির নামেই লিখে দিচ্ছেন, ‘এই যুগটা শুধু মেসির। মাদ্রিদে যেমন ছিল ডি স্টেফানোর যুগ। অথচ তিনি এসেছিলেন ২৭ বছর বয়সে, আর মেসিরও তো এখন একই বয়স।’
২৭ বছর বয়সে যোগ দিয়েই ডি স্টেফানো নিজেকে কিংবদন্তির উচ্চতায় নিয়ে গেছেন। মাদ্রিদের হয়ে পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন, লা লিগা জিতেছিলেন আট বার। আর এই বয়সেই এরই মধ্যে মেসির চ্যাম্পিয়নস লিগ জেতা হয়ে গেছে চার বার, লা লিগা সাত বার।
লা লিগায় মেসিকে সর্বকালের সেরা হিসেবেই মানছেন অনেকেই। কিন্তু আর্জেন্টিনার হয়ে কজন মানবেন? ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা নিয়ে কম কথা তো হয়নি। ভালদানো ব্যাপারটা একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখছেন, ‘মেসির সঙ্গে ম্যারাডোনার একটা ঐতিহাসিক তুলনা চলবেই। ম্যারাডোনার ব্যাপারটা অনেক বেশি আবেগীয়, কারণ সে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে ফকল্যান্ড যুদ্ধের একরকম প্রতিশোধ দিয়েছিল। ওটাই তাঁকে সর্বময় ক্ষমতা দিয়ে দিয়েছিল।’
কিন্তু বার্সার মেসি পুরোপুরি আর্জেন্টিনার হতে না পারারও ব্যাখ্যা আছে ভালদানোর কাছে, ‘মেসি বার্সেলোনায় যেভাবে খেলে, সেটা অন্য কোথাও করে দেখানো সহজ নয়। বার্সা ওকে ব্যবহার করতে জানে, পুরো দলটা মেসির কাছ থেকে সেরাটা বের করে আনতে জানে। আর অন্য কোনো জায়গায় খাপ খাওয়াতে যে কারোরই সমস্যা হবে, মেসিরও। আর্জেন্টিনায় যেমন অনেকেই ওর খেলাটা ঠিক বুঝতে পারে না। সে জন্য জাতীয় দলের হয়ে সে সেভাবে আলো ছড়াতেও পারছে না। রিয়ালে যোগ দেওয়ার পর জিদানেরও একই সমস্যা হয়েছিল।’
ভালদানো না হয় বুঝলেন, কিন্তু মেসির জন্য সেটা তো নিশ্চয় কোনো সান্ত্বনা হতে পারবে না!