গালকে স্টইচকভের গাল

সাবেক কোচ হলেও ফন গালের সঙ্গে সম্পর্কটা কখনোই ঠিক মধুর ছিল না। সুযোগ পেলেই দুকথা শুনিয়ে দেন। গত মার্চেই এই ডাচ কোচকে ‘জঞ্জাল’ বলেছিলেন রিস্টো স্টইচকভ। এবার বার্সেলোনা উইঙ্গার পেদ্রোকে ইউনাইটেডে না যাওয়ার পরামর্শ দিতে গিয়ে আবারও ফন গালকে একহাত নিয়ে নিলেন বুলগেরিয়ান কিংবদন্তি।
‘আমি হলে কখনোই লুই ফন গালের অধীনে খেলতাম না। সে সাধারণ মানের কোচ’-স্প্যানিশ রেডিও ওন্দা চেরোকে বলেছেন স্টইচকভ। দুই দফায় সাত বছর বার্সেলোনায় ছিলেন স্টইচকভ। কাতালান ক্লাব থেকে যখন বিদায় নেন, ফন গাল তখন কোচের দায়িত্বে। বার্সা ছাড়তে বাধ্য হওয়ায় এই ফরোয়ার্ড সব সময় দোষারোপ করে এসেছেন ফন গালকে, ‘ওর প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। ১৯৯৮ সালে ওর দোষেই আমার বিদায়।’
কয়েক দিন ধরেই পেদ্রোর ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া নিয়ে গুঞ্জন চলছে। কিছু কিছু সংবাদমাধ্যম দাবি করছে, দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়ে গেছে। স্প্যানিশ সুপার কাপের পরই নাকি ইউনাইটেডে আসবেন পেদ্রো। তবে স্টইচকভ সাবধানই করে দিচ্ছেন ২৮ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডকে, ‘ও বার্সাকে ধ্বংস করেছে, আর এখন করছে ইউনাইটেডকে।’ ওল্ড ট্রাফোর্ডে সাবেক বার্সা গোলরক্ষক ভালদেসের পরিণতি থেকেও শিক্ষা নিতে বলছেন, ‘ভালদেসের সঙ্গে যা করেছে তাতেই বোঝা যায় যে, ও একজন বাজে লোক। আশা করি, পেদ্রো আমার কথা শুনবে এবং (বার্সা) ছাড়বে না।’ গোল ডটকম, ইএসপিএন।