গায়ে গায়ে ছুটছে রিয়াল-বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ চলছে নেইমার-সুয়ারেজ যুগলবন্দী, পরশু দুজন মিলেই গেটাফের বিপক্ষে জয় এনে দিয়েছেন বার্সাকে  l এএফপি
দারুণ চলছে নেইমার-সুয়ারেজ যুগলবন্দী, পরশু দুজন মিলেই গেটাফের বিপক্ষে জয় এনে দিয়েছেন বার্সাকে l এএফপি

দুই দলের দুই ত্রিফলাই একটু ধার হারিয়েছে। ‘এমএসএনে’র সবচেয়ে ধারালো ফলা লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা অনেকটাই মলিন। রিয়াল মাদ্রিদের জন্য সমস্যাটা বেশি ছাড়া কম নয়। ‘বিবিসি’র এক ক্রিস্টিয়ানো রোনালদোই মাঠে আছেন, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে ছিটকে ফেলেছে চোট। সঙ্গে হামেস রদ্রিগেজকে যোগ করে নিলে রিয়াল তো আরও দুর্বল। তবে পরশু এসবের কোনোটাই খুব বড় হয়ে দাঁড়াল না, বার্সায় যেমন নেইমার-সুয়ারেজ, রিয়ালে রোনালদো-হেসেরাও বাকিদের অভাব বুঝতে দিলেন না। পরশু দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই নিজ নিজ ম্যাচ জিতে লা লিগায় ধরে রাখল শীর্ষস্থান, রিয়াল যদিও গোল ব্যবধানে এগিয়ে।
গেটাফের সঙ্গে ম্যাচটা টিভিতে দেখে থাকলে মেসি নির্ভার থাকতে পারেন। সুয়ারেজ, নেইমার নিজেদের কাঁধ চওড়া করছেন, পরশু দুজনের গোলেই বার্সেলোনা জিতেছে ২-০ ব্যবধানে। তবে এই দুজনই ম্যাচ শেষে সার্জি রবার্তোকে একটা ধন্যবাদ দিয়েছেন। তরুণ মিডফিল্ডারই তো দুটি গোলের উৎস ছিলেন। দারুণ এক ফ্লিকে সুয়ারেজকে দিয়ে করিয়েছেন প্রথম হোল, আর লম্বা এক পাসে নেইমার দুর্দান্ত এক ভলিতে এনে দিয়েছেন দ্বিতীয় গোল।
সুয়ারেজের গোলের মাহাত্ম্য একটু অন্য রকম ছিল, পেশাদার ক্যারিয়ারে ৩০০তম গোল তো একটু স্পেশালই। লা লিগায় এই মৌসুমে ৮ গোল হয়ে গেছে, এর চেয়ে বেশি গোল আছে শুধু নেইমারের (নয়টি)। আর মেসির অনুপস্থিতিতে দুজন মিলে করেছেন ১৪ গোল। মেসির অভাবটা বার্সেলোনা টের পাচ্ছে কি না—এমন প্রশ্নও ছুটে গিয়েছিল সুয়ারেজের দিকে। বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার বোঝালেন বাইরে থাকা মেসিও দলের জন্য কতটা মূল্যবান, ‘সে সব সময় আমাদের মাথায় থাকে, সে তো বিশ্বের সেরা খেলোয়াড়।’

লুইস এনরিকে অবশ্য স্বস্তিই পাচ্ছেন। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া এমন খেলার তৃপ্তিও ছুঁয়ে যাচ্ছে বার্সা কোচকে, ‘সবাই স্বাভাবিকভাবেই নিজের বাড়তি একটু ঢেলে দিচ্ছে। তবে একজন নেই মানে এমন নয় বাকিরা আরও ভালো খেলছে। সবাই আসলে আরেকটু বেশি ঐক্যবদ্ধ, আরও বেশি করে একাত্মতা অনুভব করছে।’

রাফায়েল বেনিতেজেরও একই তৃপ্তি থাকতে পারে। বেল-বেনজেমা-রদ্রিগেজ না থাকায় হেসে-কাসেমিরো-ইসকোদের নামাতে হয়েছিল রিয়াল কোচকে। লাস পালমাসের সঙ্গে ৩-১ গোলের জয়ে রোনালদোর সঙ্গে ইসকো, হেসের গোলটাও কোচের জন্য স্বস্তির। বেনিতেজের কণ্ঠে সেটিরই অনুরণন, ‘নতুনরা সবাই ভালো করছে। এখন যারা দলের বাইরে আছে তাদের জায়গা করে নেওয়াটা সহজ হবে না। এ রকম প্রতিদ্বন্দ্বিতা দলের জন্যই ভালো।’ এএফপি, মার্কা, এএস।