গিগস-নেভিলের ফুটবল ক্যাফে
রায়ান গিগস ও গ্যারি নেভিল আবারও জুটি বেঁধেছেন। তবে মাঠে নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দুই ফুটবলার জুটি বেঁধেছেন আবাসন ব্যবসায়। গিগস, নেভিল ও সিঙ্গাপুরের আবাসন ব্যবসায়ী পিটার লিম মিলে এশিয়ায় ফুটবল ক্যাফে ছড়িয়ে দিতে চাইছেন। ২০১৩ সালে লন্ডনেই প্রথম ফুটবলের থিমে আবাসিক হোটেল ‘ক্যাফে ফুটবল’ চালু করা হয়। গত বছর তো ওল্ড ট্রাফোর্ডের কাছেই খোলা হলো দ্বিতীয় ‘ক্যাফে ফুটবল’। সে সাফল্যই নেভিলদের সাহস দিচ্ছে ইংল্যান্ডের বাইরেও ‘ক্যাফে ফুটবল’ ছড়িয়ে দিতে। সিঙ্গাপুর স্ট্রেইট টাইমসকে নেভিল জানিয়েছেন, ‘হোটেল ফুটবল নিয়ে আমরা আগ্রাসী হয়ে এগোতে চাই। আগামী ৫-১০ বছরে আমরা আরও ৫ হাজার নতুন রুম খুলতে চাই। ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের বিভিন্ন অংশে আমরা ব্যবসা বাড়াতে চাই।’ খেলা ছাড়ার পর গিগস ও নেভিল দুজনই কোচিংয়ে কিছুদিন মন দিলেও এখন তা থেকে নিয়েছেন সাময়িক বিরতি। তবে তাঁদের নতুন পরিকল্পনা দেখে মনে হচ্ছে পুরোপুরি ব্যবসায়ীই বনে গেলেন গিগস-নেভিল! এএফপি।