নির্বাচন মানেই নাটকীয়তা, যুদ্ধের আবহ। বাফুফের নির্বাচনে সম্ভবত এবার তা একটু বেশিই দেখা যাচ্ছে। নইলে কাল সন্ধ্যা ছয়টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের ঘণ্টা দুয়েক আগে অমন নাটকীয় পরিবেশ কেন তৈরি হবে! খবর রটে গেল, কাজী সালাউদ্দিন তাঁর পুরো পরিষদ নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে সরে দাঁড়াচ্ছেন নির্বাচন থেকে!
কারণ হিসেবে শোনা যাচ্ছিল, ‘ওপর মহলের চাপ’। যেটি বিশ্বাস করা একটু কঠিনই ছিল। সরকারের শীর্ষ মহলের সঙ্গে সালাউদ্দিনের সম্পর্ক তো ভালো বলেই জানে সবাই। টিভিতে ‘ব্রেকিং নিউজ’ দেখে বাফুফের কর্মীদের মধ্যেও কৌতূহল। সাংবাদিকদের তাঁরা জিজ্ঞেস করতে থাকেন, ‘ভাই, কী ঘটছে? স্যার নাকি নির্বাচন থেকে সরে যাচ্ছেন?’
বাফুফে ভবনে তখন নানা গুঞ্জন। উচ্চপর্যায় থেকে সালাউদ্দিনকে নাকি সমঝোতা করতে বলা হয়েছে। সেই সমঝোতা হলো, জ্যেষ্ঠ সহসভাপতি পদ সালাউদ্দিনের পরিষদের, সভাপতি পদ পাবে ‘ফুটবল বাঁচাও’ পরিষদ। চারজন সহসভাপতির মধ্যে ‘ফুটবল বাঁচাও’ থেকে আসবেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও নাজিব আহমেদ, সালাউদ্দিনের পরিষদ থেকে শামসুল হক চৌধুরী ও কাজী নাবিল আহমেদ। বাদল রায় বাদ।
গুঞ্জনটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না, কারণ জ্যেষ্ঠ সহসভাপতি পদে ততক্ষণে তিনটি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নিয়েছে ‘ফুটবল বাঁচাও’ পক্ষ। শফিউল আরেফিন টুটুল, মনজুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়া সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে যায় সালাম মুর্শেদীর।
সাংবাদিকেরা তখন আসল ঘটনা জানার জন্য সালাউদ্দিনকে খুঁজছেন। কিন্তু তিনি তখন নির্বাচনে তাঁর সঙ্গীসাথিদের নিয়ে রুদ্ধদ্বার সভায় ব্যস্ত। শেষ বিকেলের যে সভার মাঝখানে সহসভাপতি প্রার্থী বাদল রায় বেরিয়ে এসে বললেন, ‘একটা গুজব শোনা যাচ্ছে। আমরা সালাউদ্দিন ভাইকে বলেছি, আপনি বিষয়টা পরিষ্কার করুন। সরকারের কোথাও কথা বলার প্রয়োজন হলে বলুন।’ সভা সূত্রের খবর, সালাউদ্দিন তাঁর সঙ্গীদের বলেন, বাদল রায়কে তো নয়ই, কাউকেই বাদ দিতে তিনি রাজি নন। এমনও বলেন, প্রয়োজনে তিনি নিজে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন, তবু বাদলকে বাদ দেবেন না।
সন্ধ্যা সাড়ে ছয়টায় সালাউদ্দিন পরিষদের পক্ষ থেকে প্রথমে সালাম মুর্শেদী জানালেন রুদ্ধদ্বার সভার ফল। নির্বাচনের মাঠ থেকে সরে না যাওয়ার ঘোষণাই দিলেন তিনি। মিনিট দুয়েক পর সালাউদ্দিন সাংবাদিকদের জোর দিয়ে বললেন, ‘গুজবে কান দেবেন না। আমরা নির্বাচনে ছিলাম, আছি। সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না।’ এতেও যেন পরিষ্কার হচ্ছিল না সবকিছু। নির্বাচন থেকে সরে দাঁড়াতে সত্যিই কি তাঁর ওপর কোনো চাপ আছে?
সালাউদ্দিন জানতেন, প্রশ্নটা আসবেই। পরিষ্কারই জানিয়ে দিলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের ওপর কোনো চাপ নেই। কাজেই নির্বাচন করছি আমরা।’ সালামের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে সহাস্য উত্তর, ‘এটা তো আমাদের জন্য একটা বিজয়।’ সালামও সেটিই বললেন, ‘আমি মনে করি, এটা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম, তবে এভাবে জিতে যাব ভাবিনি।’