গুঞ্জন নাকি সত্যি? রিয়ালে যাচ্ছেন ইকার্দি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

•  ইকার্দির রিলিজ ক্লজ ১১০ মিলিয়ন ইউরো
•  সিরি ‘আ’তে ১৮ গোল করেছেন ইকার্দি
• ১০৬ মিলিয়ন+কোভাচিচ—এমন চুক্তিতেই নাকি রাজি হয়েছে ইন্টার

আসলেই কি রিয়ালে যাচ্ছেন ইকার্দি? ফাইল ছবি
আসলেই কি রিয়ালে যাচ্ছেন ইকার্দি? ফাইল ছবি

জানুয়ারি মাসের শুরু থেকেই এমন অনেক গুঞ্জন শোনা গেছে। কখনো সার্জিও আগুয়েরোকে রিয়ালের সাদা জার্সি পরিয়ে দেওয়া হচ্ছে, কখনো বা টিমো ভেরনারকে নামিয়ে দেওয়া হচ্ছে বার্নাব্যুতে। মাউরো ইকার্দির ব্যাপারে গুঞ্জন তো সেই ডিসেম্বর থেকে চলছে। জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে বলেই হয়তো আবার নতুন করে ইকার্দিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কালকের মধ্যেই নাকি মাদ্রিদে পা রাখছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ইকার্দি। লিগে এর মাঝেই ১৮ গোল হয়ে গেছে ইন্টার অধিনায়কের। মাত্র ২৪ বছর বয়স হতে পারে, কিন্তু এর মাঝেই সিরি ‘আ’র মতো লিগে পাঁচ বছরের অভিজ্ঞতা। গত মৌসুমেও ২৪ গোল ছিল লিগে ইকার্দির। এমন গোল শিকারিকে যেকোনো দলই পেতে চাইবে। কিন্তু তাঁর প্রতি রিয়াল আসলেই আগ্রহী কি না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু কাল এক আর্জেন্টাইন সাংবাদিক দাবি করেছেন, রিয়াল নাকি সত্য সত্যি ইকার্দিকে দলে টানছে।

লিয়ান্দ্রো মনতোয়া নামক এই সাংবাদিক টুইটে লিখেছেন, ‘মাউরো ইকার্দি এই মুহূর্তে রিয়ালের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে মাদ্রিদে যাচ্ছেন। ১০৬ মিলিয়ন ইউরোর সঙ্গে মাতেও কোভাচিচকে পেয়ে ইন্টারের হর্তাকর্তারা দলের সেরা স্ট্রাইকারকে ছাড়তে রাজি হয়েছে।’ টুইট পড়ে অনেকে হেসে উড়িয়ে দিতে চেয়েছেন। কিন্তু এরপরই ইনস্টাগ্রামে ইকার্দির পোস্ট সবাইকে ভাবতে বাধ্য করেছে। ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন। বিমূর্ত সে ছবিতে লেখা, ‘বড় হওয়া মানে হলো বিদায় বলতে শেখা!’ সে সঙ্গে ‘বিদায়’ লিখে ইমোটিকনও যুক্ত করেছেন ইকার্দি।

এরপর থেকেই গুঞ্জনে বিশ্বাসীদের পাল্লা ভারী হয়েছে। একদলের দাবি, ভালোবাসার ইন্টারকে ছাড়ছেন বলেই ইনস্টাগ্রামে এই পোস্ট। আরেক পক্ষের দাবি, আসলে মনতোয়াকে ব্যঙ্গ করতেই এ পোস্ট। তবে কদিন আগেই ইকার্দির স্ত্রী ও এজেন্ট ওয়ান্ডা নারা মাদ্রিদে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন, ‘কাজে এসেছি।’ দুইয়ে দুইয়ে তাই অনেকেই চার মেলাচ্ছেন।

প্রসঙ্গত, ইকার্দির রিলিজ ক্লজ ১১০ মিলিয়ন ইউরো। তাই তাঁকে কিনতে ১০৬ মিলিয়ন ইউরোর সঙ্গে কোভাচিচকে দিয়ে দেওয়ার তথ্যটা ঠিক গ্রহণযোগ্য ঠেকছে না সবার কাছে। দেখা যাক, আসলেই কী হয়। কালই তো ৩১ জানুয়ারি, দলবদলের শেষ দিন!