গুঞ্জনটা উসকে দিলেন রোনালদোই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটা গত বছরই উঠেছিল, আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের স্রোতে তা মিলিয়েও যায়। কিন্তু চাপা পড়া সেই গুঞ্জনটি নিজেই যেন নতুন করে উসকে দিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা পরশু বললেন, ভবিষ্যতে কোনো একদিন আবার ফিরতেই পারেন প্রিয় ওল্ড ট্রাফোর্ডে।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে রোনালদোর বর্তমান ক্লাব রিয়াল এবং সাবেক ক্লাব ইউনাইটেড দুই দলই এখন যুক্তরাষ্ট্রে। গতকাল মিশিগান স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখিও হয়েছিল রিয়াল-ইউনাইটেড। তবে চোট থেকে সেরে না ওঠায় খেলা হয়নি রোনালদোর। মিশিগানেই ইঙ্গিত দিয়েছেন, আবার ইউনাইটেডের হয়ে খেলার ইচ্ছা তাঁর আছে, ‘অবশ্যই, এটা আমার অন্যতম প্রিয় ক্লাব। ভবিষ্যতের কথা কেউ বলতে পারবে না।’ দ্য মিরর।