গুরু-শিষ্যের লড়াইয়ে জিতলেন জুলফিকার

দারুণ জয় পেল সাইফছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ জুলাই প্রধান কোচ স্টুয়ার্ট হলকে বিদায় করে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। হল চলে যাওয়ার পর সহকারীর দায়িত্বে থাকা জুলফিকার মাহমুদের এটাই ছিল প্রথম ম্যাচ। প্রথমেই সাফল্য। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ সাইফ স্পোর্টিং ৪-২ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।      

সাইফের হয়ে জোড়া গোল করেছেন কেনেথ ইকেচুকু। ১টি গোল করেছেন জন ওকোলি। অন্য গোলটি আত্মঘাতী। শেখ রাসেলের দুটি গোলই করেছেন ওবি মনেকে।

জুলফিকার মাহমুদ (সামনে) ও সাইফুল বারী
ছবি: প্রথম আলো

লড়াইটা ছিল দুই কোচেরও। চার বছর আগে চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচ ছিলেন সাইফুল বারী, ওই সময় তাঁর সহকারী ছিলেন জুলফিকার মাহমুদ। সাইফুল বারী এবার শেখ রাসেলের কোচ। আজ গুরুকে হারিয়ে দিলেন শিষ্য।

আগের ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের কৃত্রিম টার্ফে দুর্দান্ত ফুটবল খেলেছিল শেখ রাসেল। আরামবাগকে হারিয়েছিল ৩-০ গোলে। কিন্তু আজ কাদামাখা বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি কেউ।

এর ওপর শেখ রাসেলের সিওভুস আশররভ দেশে ফিরে গেছেন। তাজিকিস্তানের এই ডিফেন্ডারের স্ত্রীর ক্যানসার ধরা পড়েছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিয়ানকার্লো রদ্রিগেজ দুই হলুদ কার্ডের খাঁড়ায় এই ম্যাচে খেলতে পারেননি। এ সবকিছুর প্রভাব পড়েছে মাঠে।

ওকোলির গোলের আনন্দ
ছবি: প্রথম আলো

ম্যাচের ৯ মিনিটে আত্মঘাতী গোলে প্রথমে পিছিয়ে পড়ে শেখ রাসেল। ফয়সাল আহমেদের ক্রস থেকে ওকোচুকু প্রথমবার জোরালো এক শট নেন। কিন্তু সেটা ক্রসবারে লেগে ফিরে আসে। কিন্তু পার পায়নি শেখ রাসেল। ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুর পায়ে লেগে দিক বদলে ঢোকে জালে।

গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে শেখ রাসেল। ১৩ মিনিটে পেয়ে যায় পেনাল্টি। সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার রিয়াদুল রাফি বক্সে ঢোকা বখতিয়ার দুশোবেকভকে ফেলে দেন। এরপর পেনাল্টি থেকে আবদুল্লাহ শট নিলেও সেটা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সাইফের গোলরক্ষক শান্ত কুমার রায়। কিন্তু ফিরতি শটে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেও গোল করতে ভুল হয়নি ওবে মনেকের।

৩২ মিনিটে সাইফ স্পোর্টিংয়ের কেনেথ বক্সে ঢুকে শেখ রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলামের দুই পায়ের ফাঁক দিয়ে বুদ্ধিদীপ্ত এক গোল করেন।

কেনেথ
ছবি: প্রথম আলো

এগিয়ে যাওয়ার পর সাইফ আক্রমণের ধার বাড়িয়েছে আরও। আর সেই আক্রমণেরই ফল ৪০ মিনিটে ওকোলির গোল। মাঠে কেনেথ এবং ওকোলির রসায়নটা বেশ জমে উঠেছিল। দুজন বল দেওয়া–নেওয়া করে বক্সে ঢোকেন। এরপর কেনেথের হেড গোলরক্ষক আশরাফুল প্রথম চেষ্টায় ঠেকিয়ে দেন, কিন্তু বাতাসে ভাসা বলে হেডে গোল করেন ওকোলি। এরপর ৫২ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে কেনেথের জোরালো এক শটে আশরাফুল ইসলাম গোল খাওয়ার পর ম্যাচ থেকে ছিটকে পড়ে শেখ রাসেল।

৬৩ মিনিটে সাইফের ডিফেন্ডারদের ভুল–বোঝাবুঝিতে স্কোর ৪-২ করেন ওবে মনেকে। বাকি সময়ে চেষ্টা করেও কোনো দল গোল করতে পারেনি।

এই জয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এল সাইফ। আর ৩০ পয়েন্ট নিয়ে সাতে শেখ রাসেল। ওদিকে আর্মি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে মোহামেডান ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।