গুরুতর অসুস্থ 'স্কুটার গফুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক ফুটবলার আবদুল গফুর। ছবি: প্রথম আলো
হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক ফুটবলার আবদুল গফুর। ছবি: প্রথম আলো

বল পায়ে চিতার গতিতে ছুটতেন। বিখ্যাত সেই দৌড়ের জন্য ষাট ও সত্তরের দশকের ফুটবলপ্রেমীরা ফুটবলার আবদুল গফুর ভুইয়ার নাম দিয়েছিলেন ‘স্কুটার গফুর’। ষাটের দশকের মাঝামাঝি থেকে এক যুগেরও বেশি সময় মাতিয়েছেন ঢাকার ফুটবল। নরসিংদীর সেই ‘স্কুটার গফুর’ই এখন গুরুতর অসুস্থ। বারডেমের নিবিড় পরিচর্যা কেন্দ্রে টানা ১০ দিন কাটিয়ে ফিরেছেন নিজের বাড়িতে।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় যোগ দিতে চেয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলে। কিন্তু গফুরকে বন্দী করেছিল পাকিস্তানি বাহিনী। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তাই ইতিহাসের অংশ হতে পারেননি। তবে ফুটবল মাঠে ইতিহাসের অংশ হয়েছেন ঠিকই। স্বাধীনতার পর ঢাকার ফুটবলে আবাহনীর প্রথম গোলটি তাঁরই। বঙ্গবন্ধু-তনয় শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্রীড়াচক্রের ইতিহাসে তাই অনন্য মর্যাদাই পান তিনি।

আবাহনী ছাড়াও ঢাকার ফুটবলে বিজি প্রেস ও রহমতগঞ্জের হয়ে খেলেছেন। সেসব এখন কেবলই স্মৃতি। শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮০ বছরের গফুর। তাঁর মেজ ছেলে, শেখ রাসেল ক্রীড়াচক্রের ফুটবলার মোবারক হোসেন সবার দোয়া চেয়েছেন, ‘বাবার অনেক শারীরিক সমস্যা আছে। ডাক্তাররা বলেছেন তাঁর খাদ্যনালি শুকিয়ে গেছে। কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল। হার্টেও সমস্যা আছে।’