গুরুর জয়, নাকি 'গুরুমারা' বিদ্যার?

- স্বাধীনতা কাপ ফাইনালে মুখোমুখি চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ।
- খেলাটি প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হবে।
- দুই দলের ডাগ আউটে লড়াই জমবে গুরু-শিষ্যের।
তোমার হলো শুরু, আমার হলো সারা। এই সন্ধিক্ষণে মিলেছিলেন মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু। চরিত্রটা ছিল ভিন্ন, প্রথম জন কোচ ও পরের জন খেলোয়াড় হিসেবে। ২০০৭ সালে বাড্ডা জাগরণীতে যখন কোচিং ক্যারিয়ার শুরু করেন মারুফুল, তখন নিজের ক্যারিয়ারের শেষ মৌসুমে মাঠে নেমেছিলেন মিন্টু। এর পরে মিন্টুর কোচিংয়ের হাতেখড়িও মারুফুলের হাতেই। সময়ের পালাবদলে আজ স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে ডাগ আউটে মারুফুলের (আরামবাগ কোচ) প্রতিপক্ষ তাঁরই শিষ্য জুলফিকার মাহমুদ (চট্টগ্রাম আবাহনী কোচ)। গুরুর, নাকি গুরুমারা বিদ্যার, আজ জয় হবে কার?
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ফাইনাল শুরু হবে বিকেল চারটায়। প্রথম আলোর ইউটিউব ও ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে ম্যাচটি। সাধারণ মানুষের কাছে ঘরোয়া ফুটবলের খেলা পৌঁছে দেওয়ার ব্যাপারে এটি প্রথম আলোর একটি উদ্যোগ।
আনকোরা তরুণদের নিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে ইতিমধ্যেই চমক দেখিয়েছেন দেশের একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল। ফাইনালের পথে তাঁর দল আরামবাগ কোয়ার্টার ফাইনালে হারিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে। সেমিফাইনালে হারিয়েছে রানার্সআপ শেখ জামালকে। কাকতালীয়ভাবে ফাইনালে আজ তাদের মুখোমুখি লিগের তৃতীয় দল চট্টগ্রাম আবাহনী। আজ কি নিজেদের জয়যাত্রায় পূর্ণতা আনতে পারবে আবাহনী?
গ্রুপ পর্বে দুই দলের লড়াই শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়। আজ ফাইনালের মঞ্চ, বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই ম্যাচ অন্য উত্তাপই ছড়াবে। বন্দরনগরীর ক্লাবের কোচ জুলফিকার মাহমুদ মিন্টু তাঁর কোচিং ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই মারুফুলের সহকারী হিসেবে কাজ করেছেন। সুতরাং মারুফুলের কারিশমার জায়গাগুলো তাঁর ভালোই জানা। এ ছাড়া মিন্টুর হাতে আছে জাতীয় দলের খেলোয়াড়সমৃদ্ধ অভিজ্ঞ একটি দল। ফাইনালে ওঠার লড়াইয়ে শেখ রাসেলের বিপক্ষে ৪-২ গোলের বড় জয়ের স্মৃতিটাও এখনো তাদের জন্য তরতাজা। সুতরাং লড়াইটা একদিকে যেমন গুরু-শিষ্যের, অন্যদিকে তারুণ্য ও অভিজ্ঞতার। মজার বিষয় হলো, তরুণদের পাশে অভিজ্ঞ কোচ মারুফুল আর অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে আছেন তরুণ কোচ মিন্টু। মজাটা এ জায়গাতেই।