গেরো খুলল রিয়াল

দিনের পর দিন বেঞ্চে বসে থেকে হাপিত্যেশ করতেন। সেই হাভিয়ের হার্নান্দেজই পরশু প্রথম একাদশে খেলতে নেমে ম্যাচের নায়ক। এ ম্যাচটিতেও হার্নান্দেজের ডাগ-আউটে বসে কাটানোর কথা ছিল। অথচ কী অদ্ভুত, সেই হার্নান্দেজই মহামূল্যবান এক গোল করে অ্যাটলেটিকো-গেরো কাটিয়েছেন, রিয়াল মাদ্রিদকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। অন্য সেমিফাইনালে মোনাকোর সঙ্গে গোলশূন্য ড্র করেও আগের লেগে ১-০ জয়ের কল্যাণে শেষ চারে উঠে গেছে জুভেন্টাস।
বার্সা-বায়ার্নের সঙ্গে রিয়াল-জুভেন্টাসকেই শেষ চারে মানিয়েছে ভালো। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলেছে রিয়াল (৩১), বার্সেলোনা (৩০), বায়ার্ন (২৫), জুভেন্টাস (২২)। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালও এমন চারটি সফল ক্লাব আগে একসঙ্গে পায়নি। জমজমাট দুটি সেমিফাইনালের জন্য এখন অপেক্ষা করাই যায়। আগামীকালের ড্রতেই জানা যাবে, শেষ চারে কে কার মুখোমুখি হবে।
বার্নাব্যুতে পরশু ৮৭ মিনিট পর্যন্তও মনে হচ্ছিল, অতিরিক্ত সময় বা টাইব্রেকারের নাটকীয়তাই ঠিক করে দেবে ম্যাচের ভাগ্য। তখনো কোনো গোল হয়নি, সে দায়টাও ছিল হার্নান্দেজেরই বেশি। এই মৌসুমে মাত্র ছয়টি ম্যাচে প্রথম একাদশে খেলেছেন। এদিনও তাই হওয়ার কথা, বেনজেমার চোটে সুযোগ পেয়ে যান হঠাৎ। অন্তত দুটি সুবর্ণ সুযোগ পেয়েও নষ্ট করায় বোঝা যাচ্ছিল, অনভ্যাসে মরচে ধরেছে মেক্সিকান স্ট্রাইকারের খেলায়। কিন্তু ৮৮ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পাস থেকে বলটা জালে পাঠাতে না পারলে নিজেকে ক্ষমা করতে পারতেন না। গোলের পর উদ্যাপনটা হয়েছে বাঁধভাঙা, রোনালদো গোল না করেও এমন উচ্ছ্বাসে কখনো ভেসেছেন কিনা সন্দেহ!
ম্যাচের পর হার্নান্দেজের এই কথায় তাই বিস্ময়ের কিছু নেই, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। ক্যারিয়ারে আরও অনেক গুরুত্বপূর্ণ গোল আমি করেছি, কিন্তু এটাই এখানে গুরুত্বপূর্ণ। গোলটা আমি করেছি, তবে এটা আসলে সবার।’ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের আগে হয়তো একটু উদ্বিগ্ন ছিলেন, বেল-বেনজেমা-মডরিচদের ছাড়া কতটুকু কী করতে পারবে দল। তার ওপর এই মৌসুমে আগের সাতবারের দেখায় অ্যাটলেটিকোকে হারানো যায়নি। তবে অ্যাটলেটিকো পুরো ম্যাচেই ছিল খোলসবন্দী, রিয়ালই আক্রমণ করছিল স্রোতের মতো। তার পরও আরদা তুরান লাল কার্ড না দেখলে রিয়াল গোল পেত কিনা বলা মুশকিল। ৭৬ মিনিটে রামোসকে ফাউল করে অ্যাটলেটিকোর তুর্কি মিডফিল্ডার দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই শিরোপা ধরে রাখতে পারেনি। গত মৌসুমেই লা ডেসিমাজয়ী আনচেলত্তি শোনাচ্ছেন আশার গান, ‘আজকের মতো খেলতে পারলে রিয়াল যে কারও সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সেমিফাইনালে আমরা কয়েকজনকে ফিরে পাব, অবস্থাটা ভালোর দিকেই যাবে। আমার মনে হয় বেল ও বেনজেমা খুব তাড়াতাড়িই ফিট হয়ে উঠবে। আমি অবশ্য নির্দিষ্ট তারিখ বলতে পারছি না।’
মোনাকোর মাঠে জুভেন্টাস-মোনাকো অন্য সেমিফাইনালটা শেষ হয়েছে ম্যাড়মেড়ে ড্রতে। আগের লেগে আরতুরো ভিদালের পেনাল্টি গোলে এগিয়ে থাকায় (১-০) ১২ বছর পর শেষ চারে উঠল জুভেন্টাস। এএফপি, রয়টার্স।
এক নজরে ফল
রিয়াল ১-০ অ্যাটলেটিকো
(দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে রিয়াল)
মোনাকো ০-০ জুভেন্টাস
(দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে জুভেন্টাস )
* আগে স্বাগতিক দল