গোটশে-সঙ্গে রোমাঞ্চিত লেভা
পুরোনো সঙ্গীর নতুন সঙ্গে দারুণ রোমাঞ্চিত রবার্ট লেভানডফস্কি। মারিও গোটশের সঙ্গে যখন ছিলেন বরুসিয়া ডর্টমুন্ডে, দুজনে মিলে ত্রাস ছড়িয়েছেন প্রতিপক্ষের রক্ষণে। তিন মৌসুমের সেই জুটির এক মৌসুমের বিচ্ছেদ। গত মৌসুমেই গোটশে পাড়ি জমান বায়ার্ন মিউনিখে। এবার লেভানডফস্কিও বায়ার্নে। জার্মানিকে বিশ্বকাপ জেতানো গোল করে গোটশে এখন সময়ের মহাতারকা। লেভানডফস্কির দেশ এবার বিশ্বকাপে খেলতে না পারলেও ক্লাব ফুটবলে তিনি বরাবরই সমীহ-জাগানিয়া নাম। পোলিশ স্ট্রাইকারের বিশ্বাস, গোটশের সঙ্গে তাঁর জুটি আবারও জমবে দারুণ।
গোটশে বায়ার্নে আসার আগে তিন মৌসুম একসঙ্গে খেলেছেন দুজন, দুবার বুন্দেসলিগা জিতেছে তাঁদের ক্লাব ডর্টমুন্ড। জিতেছে একটি ডিএফবি পোকাল, ক্লাবের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ওই চ্যাম্পিয়নস লিগেই (২০১২-১৩) রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ৪ গোল করে হইচই ফেলে দেন লেভানডফস্কি। তখন থেকেই এই স্ট্রাইকারের ওপর নজর বায়ার্নের। তবে তখন তাঁকে আনতে না পারলেও বায়ার্ন দলে টানে গোটশেকে। এবার তো ‘লেভা’ও তাদের হাতে। আবার তাই একই জার্সিতে লেভানডফস্কি ও গোটশে।
লেভানডফস্কির বিশ্বাস, দুজন মিলে আবার প্রতিপক্ষের রক্ষণের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবেন, ‘আমি আর মারিও আবার একসঙ্গে খেলব, দুজনের জন্যই এটা হবে দারুণ ব্যাপার। ডর্টমুন্ডে একসঙ্গে খেলেছি আমরা। আমাদের বোঝাপড়া খুব ভালো, মাঠে পরস্পরকে খুব ভালো বুঝতে পারি দুজনই।’
শুধু গোটশে নন, বায়ার্নে আরও একঝাঁক বিশ্ব চ্যাম্পিয়নকে সতীর্থ হিসেবে পাচ্ছেন লেভানডফস্কি। পোলিশ স্ট্রাইকার তা নিয়েও ভীষণই রোমাঞ্চিত, ‘মারিওর মতো বিশ্ব চ্যাম্পিয়ন একজনের পাশে খেলতে পারা দারুণ। শুধু মারিও কেন, বায়ার্নে আমি ছয়জন বিশ্ব চ্যাম্পিয়নকে পাচ্ছি!’ ইয়াহু স্পোর্টস।