গোপন ভিডিওতে বিস্ফোরক মন্তব্য ইংল্যান্ড কোচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেঁসে যাচ্ছেন ইংল্যান্ড কোচ অ্যালারডাইস? ছবি: এএফপি
ফেঁসে যাচ্ছেন ইংল্যান্ড কোচ অ্যালারডাইস? ছবি: এএফপি

ইংল্যান্ড ফুটবল দলের কোচ স্যাম অ্যালারডাইস আলোচনায় বসেছিলেন একজন ‘ব্যবসায়ী’র সঙ্গে। ইংলিশ ফুটবলের দলবদলের বাজারে বিনিয়োগ করায় যাঁর ব্যাপক আগ্রহ। অ্যালারডাইসের কাছে এসেছিলেন পরামর্শ করতে কীভাবে নিজের সুবিধার জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের দলবদল-সংক্রান্ত আইন ভাঙা যায়!


অ্যালাডারডাইস যাকে ব্যবসায়ী মনে করে কথা বলেছিলেন, তিনি আসলে দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার একজন ছদ্মবেশী প্রতিবেদক। ইংল্যান্ড কোচ সেই ব্যবসায়ী বেশ নিয়ে হাজির প্রতিবেদকের সামনে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করে ফেঁসে গেছেন। সব ধারণ করা হয়েছে গোপন ক্যামেরায়।

২০০৮ সালে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন দলবদলে খেলোয়াড়দের ওপর তৃতীয় পক্ষের প্রভাব বন্ধ করতে নতুন একটি আইন করেছিল। পরবর্তী সময়ে (২০১৫) ফিফাও এই আইনটি সব দেশে কার্যকর করার নির্দেশ দেয়। অ্যালারডাইস সেই ছদ্মবেশী প্রতিবেদকের কাছে বলেছেন, ইংলিশ ফুটবলের এই আইনটি এড়িয়ে লাভবান হওয়ার উপায় তিনি জানেন। এ ব্যাপারে ৪ লাখ পাউন্ডের বিনিময়ে হংকং ও সিঙ্গাপুর সফর করার ব্যাপারেও একমত হন তিনি।

অ্যালারডাইস তাঁর পূর্বসূরি রয় হজসনেরও সমালোচনা করেছেন। হজসনের কণ্ঠ নকল করে তাঁকে ব্যঙ্গও করেন। ২০১৬ ইউরো প্রতিযোগিতায় হজসন সিদ্ধান্তহীনতায় ভুগেছেন বলেও কটাক্ষ করেন অ্যালারডাইস। হজসনের সহকারী গ্যারি নেভিল সম্পর্কেও বাজে মন্তব্য করেছেন।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চাকুরে হয়েও তাঁর প্রতিষ্ঠানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন অ্যালারডাইস। তিনি বলেন, লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম সংস্কারে এফএ বোকার মতো ৮৭০ মিলিয়ন পাউন্ড খরচ করছে। এর পাশাপাশি এএফ সভাপতি প্রিন্স উইলিয়ামেরও সমালোচনা করেন তিনি। যেন মনের ভেতরে সব কথার আগল খুলে দিয়েছিলেন।

এদিকে অ্যালারডাইসের এসব মন্তব্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তারা ডেইলি টেলিগ্রাফ পত্রিকার কাছে অ্যালারডাইসের এই বিতর্কিত কথাবার্তার পূর্ণ বিবরণ চেয়েছে। বিভিন্ন ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, এ ব্যাপারে তদন্তও শুরু করেছে এফএ। চাকরিও হারাতে পারেন মাত্রই গত জুলাইয়ে দায়িত্ব নেওয়া এই নামকরা কোচ। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে ইংল্যান্ডের ডাগআউটে দাঁড়িয়েছেন। এ মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। সূত্র: এএফপি।