গোল উপহার দিয়ে স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ  দলের প্রতীকী ছবি হয়ে ম্যাচের পর হতাশায়  হাঁটু মুড়ে বসে পড়লেন হেমন্ত। পাশেই ফাইনালে ওঠার আনন্দ বাহরাইনের ফুটবলারদের। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l জাহিদুল করিম
বাংলাদেশ দলের প্রতীকী ছবি হয়ে ম্যাচের পর হতাশায় হাঁটু মুড়ে বসে পড়লেন হেমন্ত। পাশেই ফাইনালে ওঠার আনন্দ বাহরাইনের ফুটবলারদের। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l জাহিদুল করিম

জাতীয় পতাকা নিয়ে একটা দৌড় দেবেন তাঁরা। কোচকে কাঁধে নিয়ে একটু আনন্দ করার সুযোগটাও নেবেন। গ্যালারিতে দাঁড়িয়ে করতালিতে ফেটে পড়বেন উৎফুল্ল দর্শক। আতশবাজি পুড়বে। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে ওঠার উপলক্ষটা স্মরণীয় করে রাখতে কত না রঙিন স্বপ্ন ছিল!
জাতীয় পতাকা নিয়ে মাঠদৌড় ঠিকই হলো। কিন্তু বাংলাদেশ নয়, সেটি করলেন বাহরাইনের খেলোয়াড়েরা। বোতলের ছিপি খুলে শ্যাম্পেন উৎসবের মতো ‘পানি উৎসব’ করলেন তাঁরা অনেকক্ষণ। কোচকে কাঁধে তুলে নাচার সুযোগ বাহরাইনের তরুণেরা তাৎক্ষণিকভাবে পাননি, ম্যাচের শেষ দিকে যে তাঁকে ডাগ-আউট থেকে বহিষ্কার করেছেন থাইল্যান্ডের রেফারি। প্রেসবক্সের নিচের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা মারজান ইদকে যেভাবে ছুটে এসে ছাত্ররা শুভেচ্ছা জানালেন, দেখে মারুফুলের খারাপ না লেগে পারেই না।
এই আনন্দ আর বিষাদের মধ্যে দুমদুম শব্দে আতশবাজি পুড়ল। কিন্তু সেটা মনে হলো ‘রোম যখন পোড়ে, নিরো তখন বাঁশি বাজায়’-এর মতো। একদিকে দল খারাপ করছে, আর প্রতিদিন আতশবাজির রোশনাই ছুটিয়ে চলেছে আয়োজক বাফুফে। নিজেদের দল ভালো করলেই না এসব ভালো লাগে। কিন্তু এবারের বঙ্গবন্ধু কাপটাকে পানসে বানিয়ে কাল তো সেমিফাইনালের গেরোতেই আটকে গেল বাংলাদেশ জাতীয় দল। সাফের পর বঙ্গবন্ধু কাপ—দেশের ফুটবলে আরও একটি ব্যর্থতার গল্প।
মালয়েশিয়ার কাছে শেষ মুহূর্তেই গোল খেয়ে গতবার বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জেতা হয়নি। তবু দল ভালো খেলেছিল বলে সেটিও সাফল্য বলে বিবেচিত। এবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপের বাকি দুই ম্যাচে ড্র। তবু গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে ওঠা। বাংলাদেশ অলিম্পিক দলের তো গ্রুপ থেকেই বিদায়। টুর্নামেন্টে বাংলাদেশের দুটি দল সাতটি ম্যাচ খেলে জিতেছে মাত্র এক ম্যাচ। ড্র তিন, হার তিন। ভাবা যায়!
বাহরাইনের তরুণ দলটির বিপক্ষে ঘরের মাঠে তবু মামুনুলদের কাছে জয় প্রত্যাশাই করেছিল সবাই। কিন্তু জুটল হারের হতাশা। গোটা ম্যাচেই বাংলাদেশের একক প্রাধান্য। কিন্তু গোল করা গেল না। উল্টো প্রতিপক্ষকে গোল উপহার দিয়ে সবর্নাশ। নিজেদের কবর খোঁড়ার ওই দৃশ্যটা বড় বেশি যন্ত্রণাদায়ক।
প্রথমার্ধের শেষ ক্ষণে রচিত মুহূর্তটি দ্রুতই ভুলে যেতে চাইবে বাংলাদেশ দল। ডান প্রান্ত দিয়ে একটা ক্রস এসেছিল বাংলাদেশের বক্সে, কিছুটা উঁচুতে থাকা সেই বল কী করতে চাইলেন গোলরক্ষক সোহেল, পরিষ্কার বোঝা গেল না। গত দুই ম্যাচে ভালো খেলা আশরাফুল রানার পায়ে সমস্যায় থাকায় তাঁর জায়গায় আসা সোহেল বলের ফ্লাইটই ঠিকঠাক বুঝতে পারেননি। পাঞ্চ করলে মুষ্টিবদ্ধ হাত থাকত, কিন্তু সেটিও নয়। পোস্টের নিচে সম্প্রতি আস্থাহীনতায় ভুগতে থাকা সোহেল হাত লাগালেন দুর্বলভাবে। দুই-তিন হাত সামনেই পড়া বলটা হেডে জালে পাঠাতে ভুল করেনি বাহরাইনের ফরোয়ার্ড ইব্রাহিম আলহুতি।
গোলরক্ষকের ভুলে গোল খেয়েছে বাংলাদেশ, কিন্তু ম্যাচে ফিরে আসার জন্য পড়ে ছিল গোটা দ্বিতীয়ার্ধই। তাতেও গোলের দেখা নেই। আর সব বাদই দেওয়া যাক, বাহরাইন গোলরক্ষককে একা পেয়ে কালও শাখাওয়াত রনি মারলেন বাইরে। তারও আগে তাঁর নিচু হেড লাগল পোস্টে।
হেমন্ত-মিঠুনরাই বা কী করলেন? এই দুজনকে রাখা হয়েছিল দুই পাশে। অনেক দিন পর মিঠুন একাদশে। শৃঙ্খলা ভাঙার দায়ে বহিষ্কৃত জাহিদ টানা দ্বিতীয় ম্যাচে নেই। তবে মাঠে যাঁরা ছিলেন সেই হেমন্ত-মিঠুনরা সমানে বল মারলেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের গায়ে। উপরন্তু ৬০ মিনিটে চোটগ্রস্ত মামুনুলকে তুলে নেওয়ায় মাঝমাঠে সেভাবে আর খেলাটা তৈরি হয়নি। দেখা যায়নি উইং প্লে।
তবু সমতায় ফেরার আশায় লম্বা বলে একতরফাই খেলল বাংলাদেশ। রক্ষণে তপু বর্মণকে নামিয়ে স্টপার নাসিরউদ্দিনকে ওপরে তুলে চেষ্টা হলো গোল আদায়ের। কিন্তু কিছুতেই কিছু হলো না। ঘরের টুর্নামেন্টে ফাইনালের আগেই স্বাগতিক দল হয়ে গেল শুধুই দর্শক!
বাংলাদেশ দল: সোহেল, ইয়াসিন, ইয়ামিন, নাসির উদ্দিন, রায়হান, জামাল, রাজু (জুয়েল রানা), হেমন্ত, মামুনুল (সোহেল রানা), মিঠুন (তপু বর্মণ), শাখাওয়াত রনি।