গোল করেই 'সাকিবীয় স্যালুট'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবীয় উদ্‌যাপন এখন ক্রিকেট ছাড়িয়ে ফুটবল মাঠেও হাজির। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল করে দুজন জিতিয়েছেন ঢাকা আবাহনীকে, সানডে ও লি টাক সেটির উদ্‌যাপন করলেন স্যালুট ঠুকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
সাকিবীয় উদ্‌যাপন এখন ক্রিকেট ছাড়িয়ে ফুটবল মাঠেও হাজির। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল করে দুজন জিতিয়েছেন ঢাকা আবাহনীকে, সানডে ও লি টাক সেটির উদ্‌যাপন করলেন স্যালুট ঠুকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

পয়েন্ট তালিকার দুই শীর্ষ দলের লড়াইয়ে থাকা উচিত দ্রুতগতির ফুটবল, চোখকাড়া গোল, দর্শকানন্দ। কোনোটিরই ঘাটতি ছিল না কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সঙ্গে দুটি লাল কার্ড, দুটি পেনাল্টির একটিতে গোল না হওয়া যোগ করলে দুই আবাহনীর লড়াইটা উপভোগ্য না হয়ে পারে! এসবই ঘটল গোলহীন প্রথমার্ধের পর এবং শেষ হাসি ঢাকা আবাহনীরই।
যদিও শেষ মুহূর্তে পেনাল্টিতে জাহিদ ২-০ স্কোরলাইনটাকে ২-১ করলে একটু নড়েচড়ে বসে চট্টগ্রাম আবাহনী। কিন্তু ঢাকা আবাহনীর দুই ফরোয়ার্ড সানডে ও লি টাক গড়ে দিলেন ম্যাচের ভাগ্য।
চট্টগ্রাম আবাহনীকে হতাশ করলেন হাইতির স্ট্রাইকার লিওনেল প্রিউক্স, ৫৫ মিনিটে তাঁর পেনাল্টি শট লাগল বড় আবাহনীর সাইডপোস্টে। কিন্তু ৬৭ মিনিটে লি টাকের কর্নার থেকে হেডে ঢাকা আবাহনীকে এগিয়ে দিতে ভুল করেননি সানডে। তিন মিনিট পরই লি টাকের দুর্দান্ত এক গোল। মাঝমাঠের একটু সামনে থেকে বাঁ উইংয়ে বল পাঠান লি। সেই বল উইং থেকে বক্সে যাওয়ার আগেই অবিশ্বাস্য এক দৌড়ে সেখানে চলে যান লি। কোনাকুনি ওই পাসটা তিনি অনুশীলন করেন সব সময়, সেটিরই কল্যাণে বক্সে বল ধরে আলতো টোকায় করলেন ২-০।
একজন ফুটবলারকে বল ছেড়ে জায়গামতো যেতে হয়। বল পায়ে শুধু খেলা নয়, বল ছাড়াও যে খেলা আছে, সেটা কাল দেখালেন লি। এমন বুদ্ধিদীপ্ত গোল লি বলেই সম্ভব হয়েছে। ম্যাচের পর সেটাই বলছিলেন আবাহনীর কোচ জর্জ কোটান। আর ম্যানেজার সত্যজিৎ দাসের কথা, ‘গরমে লির সমস্যা হয়। তবে যত ঠান্ডা পড়বে, সে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠবে।’
সানডেকে নিয়ে ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে উচ্ছ্বসিত আবাহনী গ্যালারির অভিনন্দনে ভিজলেন লি। চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড জাহিদ তখন আফসোস করছিলেন, ‘ম্যাচটা জেতা উচিত ছিল আমাদের।’ তবে চট্টগ্রাম আবাহনী জেতার মতো খেলতে পারেনি। প্রথম পর্বের মতো কালও ড্র করতে পারলে সেটাই হতো তাদের জন্য জয়ের সমান।
৮৪ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে দুই দলের বিপ্লব ও মামুন মিয়া লাল কার্ড দেখেন। তা অবশ্য ম্যাচের ফলে প্রভাব ফেলেনি। বড় ম্যাচে ঢাকা আবাহনীর কোচ কোটান ৩ পয়েন্ট পেয়ে বেশ খুশি, ‘দারুণ জয়। দ্বিতীয়ার্ধে রানিং ছিল আমার খেলোয়াড়দের পায়ে, এটাই জিতিয়েছে।’
১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে কাল দুই থেকে একে উঠল কোটানের দল। ২ পয়েন্ট কম নিয়ে চট্টগ্রাম আবাহনী এক থেকে নেমে গেল দুইয়ে।