গোল করেও দেখালেন গোলরক্ষক হ্যানসন

ঘরের মাঠে লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা। ৯০ মিনিটের খেলা শেষ হয়েছে পাঁচ মিনিট আগে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটের খেলা চলছে। দল পিছিয়ে ২-১ গোলে। এ সময় ফ্রি-কিক থেকে ডি-বক্সে বল পেয়েই চকিত শটে গোল! দলকে জয়ের সমতুল্য এক ড্র এনে দেওয়া এই গোল গর্বিত করবে যেকোনো স্ট্রাইকারকেই। কিন্তু গোলদাতা মার্টিন হ্যানসন যখন দলের গোলরক্ষক, তখন গোলটির মহিমা বেড়ে যাচ্ছে বহু গুণ।
গোলরক্ষকদের গোল দেওয়ার ঘটনা বিশ্ব ফুটবলে বিরল হলেও স্কোরশিটে মাঝে মধ্যেই নাম লিখিয়ে ফেলেন দুই একজন । বিশেষ করে ব্রাজিলিয়ান চেনি বা প্যারাগুইয়ান লুই চিলাভার্ট তো দলের নিয়মিত গোলদাতা ছিলেন। কিন্তু ডাচ লিগের এই গোলের গুরুত্ব অন্যরকম। গত মঙ্গলবার ডাচ লিগে পিএসভি আইন্দহোফেনের বিপক্ষের ম্যাচে তখন নিশ্চিত পরাজয় দেখছিল হ্যানসনের দল এডিও দেন হ্যাগ। খেলার শেষ মুহূর্তে বিপক্ষের ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় দেন হ্যাগ। ম্যাচ বাঁচানোর শেষ সুযোগ কাজে লাগাতে গোলবার ছেড়ে বিপক্ষের বক্সে চলে আসেন হ্যানসন। এটি ফুটবলের পরিচিত দৃশ্য। কিন্তু এর পরের ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না। ফ্রি-কিকটি ছিল যাচ্ছেতাই, বলটি মাথা উচ্চতায় নয়, এসেছিল হাঁটু উচ্চতায় ।
তাও হ্যানসনের উল্টোদিকে। অন্য কেউ হলে তখনই হাল ছেড়ে দিতেন। এদিন যে হ্যানসনের ওপর ভর করেছিল অন্য কিছু। ঠান্ডা মাথায় ব্যাক হিল করে দিলেন । আর বিপক্ষের গোলরক্ষককে হতভম্ব করে বল চলে গেল জালে। গো–ও–ও–ল! দলকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়ে দিলেন হ্যানসন। আইন্দহোফেনের খেলোয়াড়রা সবাই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ডেন হ্যাগের উৎসব।
ইতিমধ্যে মৌসুমের সেরা গোলের আখ্যা পেয়ে যাচ্ছে হ্যানসনের এই গোল। এই গোলরক্ষক ক্যারিয়ারের এ পর্যায়ে এসে মাঠের প্রান্ত বদল করতে চাচ্ছেন কি না, কে জানে? বিশ্বের সেরা স্ট্রাইকারদের ঈর্ষায় ফেলে দেওয়ার মতো গোল করে কিন্তু কাজ এগিয়ে রাখলেন হ্যানসন।