গোল না করলে 'ছুটি'!

চারপাশে অন্ধকার নেমে গেলেও ফুটবলারদের টানা শুটিং অনুশীলন যেন নিয়মিত দৃশ্য এখন! বাফুফের টার্ফে জাতীয় দলের অনুশীলনে এই কাজটা ধারাবাহিকভাবেই করে এসেছেন কোচ ফাবিও লোপেজ। সব কোচই খেলোয়াড়দের জন্য ‘শুটিং পর্ব’ রাখেন। তবে লোপেজ এ দিকটায় যেন একটু বেশিই নজর দিয়েছেন।
গত পরশুই যেমন প্রবল বৃষ্টিতেও টার্ফে অনুশীলন ম্যাচের পর শুটিং অনুশীলন চলতে থাকল অনেকটা সময়। তার আগের কয়েক দিনও শুটিং অনুশীলন দিয়ে দিনের কাজ শেষ করেছেন কোচ। পাঁচ গোলরক্ষক পালাক্রমে পোস্টের নিচে দাঁড়িয়ে শট আটকাচ্ছেন সব খেলোয়াড়ের। শেষটা টানা হচ্ছে স্পট কিক দিয়ে। স্পট কিকে গোল করতে না পারলে ছুটি অর্থাৎ রুমে গিয়ে বিশ্রাম নাও। গোল করলে আবার তাঁকে মারতে হচ্ছে।
মূল উদ্দেশ্য, ম্যাচে খেলোয়াড়দের শুটিং প্রবণতা ও দক্ষতা বাড়ানো। একই সঙ্গে এটা খেলোয়াড়দের ‘নির্বাচনী পরীক্ষাও বটে।’ শুটিংয়ে ভালো করলে বাড়তি নম্বরও যোগ হচ্ছে খেলোয়াড়ের নামের পাশে। দলে তা প্রতিদ্বন্দ্বিতার আমেজও ছড়িয়ে দিয়েছে লক্ষণীয়ভাবে।
বাংলাদেশের ফুটবলারদের মধ্যে গোলে শট নেওয়ার প্রবণতা অনেক কম। বাংলাদেশের আগের দুটি ম্যাচ দেখে যা ভালোই চোখে পড়েছে লোপেজের। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের পর বললেন, ‘শুটিং নিয়মিত অনুশীলনেরই অংশ। এতে মাংসপেশি অনেক শক্ত হয়। তবে আমি দেখেছি, বাংলাদেশের ফুটবলাররা পোস্টে শট নেয় খুব কম। এ কারণেই যত বেশি সম্ভব শট অনুশীলন করাচ্ছি।’
ফুটবলাররাও এই পর্বটা উপভোগ করছেন। তাঁদের উপলব্ধি, পোস্টে আরও শট নেওয়া দরকার। মামুনুল, এমিলিরা সমস্বরেই কথাটা বললেন। খেলোয়াড়দের ভিড়ের মধ্যে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হলো বাংলাদেশের ফুটবলারদের মধ্যে এখন কে বেশি ভালো শট নেন? জাহিদের নামটা এল সবার আগে। মামুনুল বললেন, ‘জাহিদই সবচেয়ে ভালো। ওর শট তুলনামূলক নিখুঁত। সোহেল রানাও ভালো শুটার।’ একই কথা এমিলির মুখেও। কিন্তু জাহিদ ম্যাচ খেলেন খুবই কম। চোট এবং নানা কারণে তাঁকে মাঠে পাওয়া যেন ‘ভাগ্যের’ ব্যাপার।
মামুনুলও শুটিংয়ে দক্ষ, ঘরোয়া ফুটবলে কিছুদিন আগেও ফরাশগঞ্জ, রহমতগঞ্জের বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল এনে দিয়েছেন দলকে। মাঝে মাঝে জাতীয় দলের জার্সিতেও শুটিং-ঝলক দেখান তিনি। তবে এমিলির শট সেভাবে আলোচিত নয়। যদিও তিনি যুক্তি দিলেন, ‘মিডফিল্ডাররা ফাঁকা জায়গা বেশি পায়, স্ট্রাইকারদের এ সুযোগ কম। তাই মিডফিল্ডারদেরই বেশি শট নিতে হবে। কিন্তু সেটি তারা নেয় না। সমস্যাটা এখানেই।’
সেই সমস্যা কোচের চোখও এড়ায়নি বলেই আলাদা করে শুটিং অনুশীলন। কোচ খেলোয়াড়দের বলে দিয়েছেন মাঠে শট নিতে হবে প্রচুর। মামুনুল জানালেন, ‘কোচ বলেছেন, গোল পেতেই হবে তোমাদের। বেশি বেশি শট নাও বারে। অনুশীলনেও তাই এ দিকটায় বাড়তি নজর দিয়েছেন।’
তবে পরশু অনুশীলনের শেষভাগে বেশির ভাগ খেলোয়াড়ই বল তুলে মারছিলেন বারের ওপর দিয়ে। যেন ক্রিকেটের ছক্কা মারছেন! খারাপের মধ্যে ভালো হচ্ছিল কোমল-সজীবের শট। তবে কোচ প্রায় সবার ওপরই বিরক্তি প্রকাশ করছিলেন, তাঁর স্বদেশি সহকারী কোচ নোট নিচ্ছিলেন পাশে দাঁড়িয়ে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে জাতীয় দলের অনুশীলন ম্যাচেও ফুটবলারদের শুটিংয়ের ওপর হয়তো বড় নম্বরই রাখবেন লোপেজ।
বাংলাদেশের ফুটবলে শুটিং ভালো, এমন খেলোয়াড় কিন্তু অনেকেই ছিলেন অতীতে। এনায়েতুর রহমানের শটের কথা যেমন এখনো ভুলতে পারেন না শেখ মোহাম্মদ আসলাম, ‘এনায়েত ভাইয়ের শট ছিল গোলার মতো। ব্রাদার্সের মহসিন ভাই, হালিম ভাইও ভালো শট নিতেন।’ পরের দিকে আবু ইউসুফ, মোনেম মুন্না, আরমানদের নামও বলেন অনেকে। এরপর থেকে সেভাবে মনে দাগ কাটার মতো একজন শুটারের খোঁজে বাংলাদেশের ফুটবল।