প্রথমার্ধে ১-১। সম্ভাব্য বিপদের শঙ্কায় শরীরে জ্বর নিয়েই নেমে গেলেন আগের দুদিন অনুশীলনের বাইরে থাকা মামুনুল ইসলাম। দ্বিতীয়ার্ধে বদলে গেল ম্যাচের চিত্র। বিজেএমসির জালে আরও তিনটি গোল। শেখ জামালকে ৪-১ ব্যবধানে শেষ পর্যন্ত সহজ জয় এনে দিতে মামুনুল রাখলেন বড় ভূমিকাই।
নিজে গোল পাননি, তাতে কি! মামুনুলই ম্যাচের নায়ক। বিরতির পর কোচ যোসেফ আপুসি রক্ষণাত্মক মিডফিল্ডার রাজুর বদলে নামিয়েছিলেন মামুনুলকে। মাঝমাঠে তাঁর সপ্রতিভ উপস্থিতিতে তৈরি হলো একের পর এক সুযোগ। যেগুলো কাজে লাগিয়েছেন আক্রমণের ‘ত্রিফলা’ ল্যান্ডিং, এমেকা ডার্লিংটন ও ওয়েডসন। বিজেএমসি দ্বিতীয়ার্ধে তাই আর মাথা তুলেই দাঁড়াতে পারেনি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের এই ম্যাচে প্রথমার্ধটা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল। চার মিনিটে ওয়েডসনের ক্রস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন সোহেল রানা। সীমিত শক্তি নিয়েও বিজেএমসি ম্যাচে ফেরায় চেষ্টায় সফল ৩৮ মিনিটে। অধিনায়ক স্যামসন ইলিয়াসু একক প্রচেষ্টায় ১-১ করতেই কিছুটা ভাবনায় পড়ে যায় শেখ জামাল।
সেটি দূর হতে শুরু করল ম্যাচের ৬০তম মিনিটে। ল্যান্ডিং বক্সের ওপর থেকে মাপা শটে আবার এগিয়ে দিলেন শেখ জামালকে। ৮ মিনিট পরই এমেকা ডার্লিংটন খুব কাছ থেকে বল পাঠালেন জালে। অতিরিক্ত সময়ে এককভাবে বল নিয়ে বক্সে ঢুকে নিজের প্রথম ও দলের চতুর্থ গোল করেন ওয়েডসন।
গত তিন ম্যাচে ১৫ গোল, শেখ জামালের স্ট্রাইকারত্রয়ী যেন অপ্রতিরোধ্য। রহমতগঞ্জের সঙ্গে ২-২ ড্রয়ের পর ফেনী সকারকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরে এসেছিল শেখ জামাল। পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে হারানোর পর কাল এল টানা তৃতীয় জয়।
১৫ ম্যাচে পয়েন্ট ৩৬—শিরোপা ধরে রাখার পথে আরেকটি ধাপও যে জয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ রাসেলের পয়েন্ট ১৩ ম্যাচে ২৯। ১৪ ম্যাচে মোহামেডান ও আবাহনীর সমান ২৭। ২১ জুলাই শেখ জামাল-শেখ রাসেল এখন পরিণত লিগের সবচেয়ে বড় ম্যাচে।