গোলখরায় আবাহনীর হাঁসফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীর একটি আক্রমণ রুখে দিলেন ফরাশগঞ্জ গোলরক্ষক সুজন চৌধুরী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল প্রিমিয়ার লিগে আবাহনী গোলশূন্য ড্র করেছে ফরাশগঞ্জের সঙ্গে l প্রথম আলো
আবাহনীর একটি আক্রমণ রুখে দিলেন ফরাশগঞ্জ গোলরক্ষক সুজন চৌধুরী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল প্রিমিয়ার লিগে আবাহনী গোলশূন্য ড্র করেছে ফরাশগঞ্জের সঙ্গে l প্রথম আলো

তোতা পাখির মতো একটা কথা বলে যাচ্ছেন জর্জ কোটান, ‘আমাদের গোল করার মতো খেলোয়াড় নেই।’
দল গর্তে পড়ে টানা পয়েন্ট হারাতে থাকলে কোচ আর কী বলবেন? কাল আরেকটি হতাশাজনক পারফরম্যান্সের পর আবাহনীর কোচ বললেন, ‘উফ্, আর ভালো লাগছে না ভাঙা রেকর্ড বাজাতে!’
কিন্তু ঘটনাচক্রে বাজাতেই হচ্ছে। ওয়াহেদ, সজীব, মরিসনসহ আবাহনীর আক্রমণে প্রায় সব দেশি-বিদেশি অস্ত্রই ভোঁতা। অবিশ্বাস্য শোনাচ্ছে, টানা চার ম্যাচে আবাহনীর গোল মাত্র একটি! সেই গোলটিও দুই ম্যাচ আগে ব্রাদার্সের সঙ্গে (১-০ জয়)। শেখ জামালের কাছে ২-০ গোলে হেরে বিপর্যয়ের শুরু। গত ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে ১-০ গোলে হার। কাল ফরাশগঞ্জের সঙ্গেও জয়শূন্য আবাহনী, তবে একটা পয়েন্ট তাদের মিলেছে।
প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা শেখ জামালের গোল ১৮টি। ১৬ গোল মুক্তিযোদ্ধার। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া মোহামেডানের (১৪) চেয়েও আবাহনীর গোল কম (১১)! পয়েন্ট তালিকাতেও আবাহনীর (১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ) ওপরে মোহামেডান!
এটা আবাহনীর জন্য অশনিসংকেত। ঘুরে দাঁড়াতে দ্বিতীয় পর্বে নতুন স্ট্রাইকার নেওয়ার সুযোগ আছে। আগের ম্যাচে হেরে শিরোপার আশা ছেড়ে দেওয়া কোটান এতে কোনো লাভ দেখেন না, ‘চাইলেই এখন ভালো স্ট্রাইকার পাব না। ইউরোপের খেলোয়াড়েরা সবাই চুক্তিবদ্ধ বিভিন্ন ক্লাবে।’ বড় শরীরের ‘অচল’ আফ্রিকানদের আনতে নারাজ অস্ট্রিয়ার কোচ, ‘আবাহনীর উচিত ভবিষ্যতে ভালো স্ট্রাইকার নেওয়া। এখন যেনতেন স্ট্রাইকার আনলে ফল মিলবে না। বরং একটা দল হিসেবে এটিকে এখন গড়ে তুলতে পারলে ভবিষ্যতে হয়তো ফল আসবে।’
হাঙ্গেরিয়ান স্ট্রাইকার সাবোলস চরবা পেটের পীড়ায় গোটা তিনেক ম্যাচ বেঞ্চে কাটিয়ে দেশে ফিরে যাচ্ছেন। চার ম্যাচে তাঁর গোল ৪টি। স্বদেশি গাবর ডেমিয়েনেরও ৪ গোল। আবাহনীর ১১ গোলের বাকি তিনটি কোমল, শাহেদ ও মামুন মিয়ার। ‘দামি’ ফুটবলারদের গোলখরায় ক্ষুব্ধ সমর্থকেরা কালও তীব্র প্রতিক্রিয়া দেখালেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
নিজেদের মধ্যে পাসিং ফুটবল আবাহনী ভালোই খেলছে। কিন্তু প্রতিপক্ষের বক্সের সামনে গিয়েই খেই হারিয়ে ফেলেছে। ফরাশগঞ্জের পোস্টে লক্ষ্যভেদী শট নিতে পারেনি একটিও! ফরাশগঞ্জ বরং দুবার আবাহনীর রক্ষণ ভেঙে প্রায় গোল পেয়েই যাচ্ছিল। প্রথম চারটি ম্যাচই হেরে যাওয়া ফরাশগঞ্জ টানা চতুর্থ ড্র করে খুবই খুশি।